মিষ্টি জান্নাত
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। রুপালি পর্দার কাজের চেয়ে বিভিন্ন সময়ে ব্যক্তিগত মন্তব্য আর সোজাসাপ্টা কথা বলে বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। এবার ফেসবুক স্ট্যাটাসে কড়া ভাষায় ক্ষোভ ঝাড়লেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগদান এবং সেখানে
তাঁর অবস্থান নিয়ে তৈরি হওয়া বিতর্ক থেকেই এই ক্ষোভের সূত্রপাত। বুধবার নিজের ফেসবুক
প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে মিষ্টি লেখেন, “ভাই আমার তো এত
জ্বালা নাই, তোমাদের এত জ্বালা কেন? ফাইনালি আমাদের মার্কেটিংয়ের কৌশল কাজে লাগছে।
আর যেখানে সমস্ত প্রোগ্রাম আমার পরিকল্পনায় করা, সেখানে তোমরা যারা এসেছিলে, আমার পরিকল্পনায়ই
এসেছিলে।”
অনুষ্ঠানের পদমর্যাদা নিয়ে যারা সমালোচনা
করছেন, তাঁদের পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে মিষ্টি জান্নাত বলেন, “ব্র্যান্ড অ্যাম্বাসেডর
আর প্রধান অতিথির মানে কিছু অশিক্ষিত বাঙালি বোঝে না কেন? প্রধান অতিথি কারা হয় জানেন?
যারা ভিভিআইপি তারা। প্রধান অতিথি হওয়ার জন্য যোগ্যতা থাকা লাগে।” নিজের গুরুত্ব
বুঝিয়ে তিনি আরও যোগ করেন, “প্রধান অতিথি এক ঘণ্টার জন্য গেলে
যে পারিশ্রমিক দিতে হয়, তা দিয়ে সো-কল্ড ৫টা ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখা যায়।”
কারও নাম উল্লেখ না করলেও জনৈক ব্যক্তির
সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ওঠা গুঞ্জনকেও তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন তিনি। মিষ্টির ভাষায়,
“যার সাথে (গুঞ্জন)
ছড়াচ্ছে, সে আমার ব্যবসায়িক পার্টনার এবং আমার বন্ধু। সুতরাং যারা এসব ছড়াচ্ছে, তাদের
ওইসব কোম্পানিতে থাকা হবে না, এটা মাথায় রেখেন।”
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের
মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। এরপর নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি।
অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি একজন পেশাদার দন্ত চিকিৎসক। রাজধানীর ধানমন্ডিতে তাঁর
নিজস্ব একটি ডেন্টাল ক্লিনিকও রয়েছে। মূলত অভিনয় এবং চিকিৎসা—দুই ভুবনেই সমানতালে
পদচারণা তাঁর।
বিতর্ক যেন মিষ্টি জান্নাতের নিত্যসঙ্গী,
তবে সেই বিতর্ককে থোড়াই কেয়ার করে নিজের মেজাজেই পথ চলছেন এই ‘ডক্টর কাম হিরোইন’।
বাংলাদেশের খবর/এম.আর

