Logo

বিনোদন

নিজেকে দেখে বলি আমি এত সুন্দর কেন: পূর্ণিমা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ২০:২৭

নিজেকে দেখে বলি আমি এত সুন্দর কেন: পূর্ণিমা

পূর্ণিমা

ঢালিউডের চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমা। ক্যারিয়ারের দুই দশক পেরিয়ে গেলেও তাঁর রূপ আর গ্ল্যামার আজও দর্শকদের কাছে রহস্যের বিষয়। সম্প্রতি সিমরা খানের সঞ্চালনায় একটি জনপ্রিয় পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবনের মজার অভিজ্ঞতা, রূপের রহস্য এবং ভক্তদের অদ্ভুত সব কাণ্ড নিয়ে খোলামেলা কথা বলেছেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী।

পূর্ণিমার রূপের মায়ায় মুগ্ধ হয়ে ভক্তরা অনেক সময় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। পডকাস্টে পূর্ণিমা জানান, একবার এক ভক্ত অনুমতি ছাড়াই তাঁকে চিমটি কেটে বসেন। অবাক হয়ে পূর্ণিমা কারণ জানতে চাইলে সেই ভক্তের উত্তর ছিল আরও অদ্ভুত। পূর্ণিমা বলেন, "সে আমাকে চিমটি দিয়ে বললদেখলাম মানুষটা সত্যি কি না, নাকি পুতুলের মতো লাগছে! অর্থাৎ আমি বাস্তবের মানুষ নাকি রোবট বা পুতুল, সেটা নিশ্চিত হতেই এই কাণ্ড।"

সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কী বলেন? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে স্বভাবসুলভ রসিকতায় পূর্ণিমা বলেন, "ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখে বলি, এত সুন্দর কেন আমি? ভাল্লাগছে না আমার! আসলে নিজের প্রতি এই ধরনের আত্মবিশ্বাস সবারই থাকা উচিত।" নিজের গ্ল্যামার ধরে রাখার পেছনে বিশেষ কোনো গোপন রহস্য বা কঠোর ডায়েট নেই বলেও জানান তিনি। নিজের সেন্স অফ হিউমার বা রসিকতাবোধের জন্য পূর্ণিমা বেশ পরিচিত। মজার ছলে তিনি বলেন, "ডাক্তার আমাকে বলেছেন, আপনি তাড়াতাড়ি হাসপাতালে জয়েন করেন। আমাদের আর পেইন কিলার লাগবে না। আমি ওয়ার্ডে গিয়ে গল্প করলেই সবার ব্যথা কমে যাবে।"

ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে পূর্ণিমা বলেন, বাসায় কোনো অতিথি এলেই তাঁর মা হারমোনিয়াম বের করে তাঁকে গান গাইতে বলতেন। পূর্ণিমার ভাষায়, "বেচারা গেস্টদের জোর করে ৫টি গান শোনাতে হতো। জানি না তারা আমার গান শুনে আনন্দ পেত নাকি টর্চার (নির্যাতন) হতো!"

বর্তমানে পূর্ণিমা চলচ্চিত্র ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম এবং বিভিন্ন রিয়েলিটি শো-এর বিচারক হিসেবে ব্যস্ত সময় পার করছেন। পডকাস্টে তাঁর এই স্বতঃস্ফূর্ত আলাপচারিতা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে এবং ভক্তরা তাঁর রসবোধের প্রশংসা করছেন।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন