গৌরীর ওপর কেন নিষেধাজ্ঞা জারি করেন শাহরুখ?
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:৩১
ছবি : সংগৃহীত
বলিউডের অন্যতম প্রভাবশালী দম্পতি শাহরুখ খান এবং গৌরী খানের প্রেমকাহিনি শুধু সিনেমার গল্পকেই হার মানায় না, বরং তা প্রেমের জগতে এক উদাহরণ। তারকা হওয়ার আগে থেকেই শুরু তাদের সম্পর্ক। কিন্তু এই পথ এতটা সহজ ছিল না। প্রেমের শুরুতে তাদের জীবনে এসেছে নানা চড়াই-উতরাই। শাহরুখের অধিকারবোধ এবং নিয়ন্ত্রণের প্রবণতাও এক সময় তাদের সম্পর্কে অস্থিরতা এনেছিল।
সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক পুরোনো সাক্ষাৎকারে উঠে এসেছে তাদের সম্পর্কের শুরুর দিকের নানা অজানা গল্প। গৌরী জানিয়েছেন, তিনি কী পোশাক পরবেন, কীভাবে সাজবেন—সবকিছুই ঠিক করতেন শাহরুখ। এমনকি তার খোলা চুলে বাইরে যাওয়ার ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছিলেন শাহরুখ। সাদা রঙের শার্ট পরাও গৌরীর জন্য বারণ। কারণ, শাহরুখ মনে করতেন, সাদা রঙটি খুব স্বচ্ছ এবং তা অন্যের নজর কেড়ে নিতে পারে।
শাহরুখ নিজেও স্বীকার করেছেন, সেই সময় তিনি গৌরীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন এবং তা উপভোগও করতেন। তার কথায়, ‘আমি খুব খারাপ হয়ে গিয়েছিলাম, তবে সেটা আমি দারুণ উপভোগ করেছি।’
তবে এই নিয়ন্ত্রণের বিরুদ্ধেই গৌরী একসময় প্রতিক্রিয়া দেখান। তিনি শাহরুখকে কিছু দিনের জন্য তার জীবন থেকে দূরে সরিয়ে দেন, যাতে তিনি এই আচরণের শিক্ষা পান। সেই অভিজ্ঞতা হয়তো তাদের সম্পর্কের ভিতকে আরও মজবুত করেছে।
১৯৯১ সালের ২৫ অক্টোবর তাঁরা বিয়ে করেন। আজ তারা তিন সন্তান এবং সুখী সংসার নিয়ে বলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বোঝাপড়া পরিণত হয়েছে।
এটিআর/

