Logo

বিনোদন

আজ ইতালিতে মুক্তি পাচ্ছে শাকিবের ‘প্রিন্স’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ২০:৩৮

আজ ইতালিতে মুক্তি পাচ্ছে শাকিবের ‘প্রিন্স’

শাকিব খান

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার আন্তর্জাতিক বাজারে যাত্রা শুরু করল মেগাস্টার শাকিব খানের ঈদের সিনেমা প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা। আজ শনিবার ও সোমবার ইতালির ভেনিস ও রোম শহরের দুটি সিনেমা হলে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। তবে সবচেয়ে বড় খবর হলো, বিদেশের দর্শকদের জন্য সিনেমাটির একটি বিশেষ আপডেট ভার্সন বা উন্নত সংস্করণ পাঠানো হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জানিয়েছে, ইতালিতে প্রিন্স-এর যে ডিজিটাল ফাইল পাঠানো হয়েছে, সেটি নতুন করে সংস্করণ করা হয়েছে। দেশে মুক্তির সময় সিনেমাটির সাউন্ড, কালার গ্রেডিং এবং ভিএফএক্স নিয়ে দর্শক ও হল মালিকদের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ ছিল। উন্নত সংস্করণে সেসব কারিগরি জটিলতা কাটিয়ে আরও নিখুঁতভাবে সিনেমাটি উপস্থাপন করা হয়েছে। প্রযোজনা সংস্থার মতে, বিদেশের দর্শকরা এখন সিনেমাটির প্রকৃত কারিগরি উৎকর্ষ উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, এবারের ঈদে প্রিন্স সিনেমাটি নিয়ে দেশে নানা প্রযুক্তিগত বিড়ম্বনা তৈরি হয়েছিল। ডিসিপি জটিলতার কারণে স্টার সিনেপ্লেক্সে প্রথম চার দিন সিনেমাটি প্রদর্শিত হতে পারেনি। এছাড়া সার্ভার সমস্যা ও লাইসেন্স সময়মতো না পৌঁছানোর কারণে বগুড়া, মাদারীপুর ও সৈয়দপুরসহ দেশের প্রায় অর্ধশতাধিক হলে ঈদের দিনের সকালের শো বাতিল করতে হয়েছিল। অনেক জায়গায় শাকিবের সিনেমা দেখতে না পেরে দর্শক ও হল মালিকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়, এমনকি ভাঙচুরের ঘটনাও ঘটে। হল মালিকদের একাংশের দাবি ছিল, কাজ সম্পূর্ণ শেষ না করেই তড়িঘড়ি করে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছিল।

আবু হায়াত মাহমুদ পরিচালিত এই অ্যাকশন ঘরানার সিনেমাটি নব্বই দশকের ঢাকার অপরাধজগৎকে কেন্দ্র করে নির্মিত। শাকিব খানকে এখানে একজন প্রতাপশালী গ্যাংস্টারের চরিত্রে দেখা গেছে। সিনেমার টিজারে মেশিন গান হাতে শাকিবের অ্যাকশন অবতার ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। শাকিবের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজ।

ইতালিতে এই প্রদর্শনীর মাধ্যমে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সবকটি সিনেমাই (মোট পাঁচটি) আন্তর্জাতিক বাজারে মুক্তি পাওয়ার গৌরব অর্জন করল। এখন দেখার বিষয়, কারিগরি ত্রুটিমুক্ত আপডেট ভার্সন দিয়ে বিদেশের মাটিতে শাকিব খান কতটা সফল হতে পারেন।

বাংলাদেশের খবর/এম.আর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাকিব খান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন