রুকাইয়া জাহান চমক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকায় নাম না থাকলেও একে পরাজয় হিসেবে দেখছেন না ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বরং বিএনপির রাজনীতিতে নিজের নাম লেখানো এবং সংরক্ষিত আসনে মনোনয়নপ্রত্যাশী হওয়াকেই তার রাজনৈতিক জীবনের একটি বড় মাইলফলক ও শুভসূচনা বলে অভিহিত করেছেন তিনি। বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করার পর এক ফেসবুক লাইভে এসে নিজের প্রতিক্রিয়া জানান চমক।
লাইভে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে
চমক বলেন, “আমি আমার এই না পাওয়া বা পরাজয়কে উদযাপন করছি। আমার
পা থেকে মাথা পর্যন্ত সাহস। আমি আরও দুইশবার ফেল করব, দুইশবার চেষ্টা করব। এটা তো কেবল
আমার শুরু। আমার রাজনৈতিক পথচলার শুরুই হলো সরাসরি এমপি পদপ্রার্থী হয়ে। যারা যোগ্য,
তাদেরই আগে সুযোগ দেওয়া হয়েছে। এতে আমার কোনো আক্ষেপ নেই। দল থেকে আমি যে অসামান্য
সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। খেলা তো মাত্র শুরু হলো, সামনে জাতীয়
নির্বাচন করব।”
অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি চমক নিজেকে
একজন রাজনৈতিক কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। নিজের জেলা কুষ্টিয়ার জন্য কাজ করার
তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করে তিনি বলেন, “আমার মূল লক্ষ্য
দেশ ও মানুষের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার
বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।” উল্লেখ্য, কুষ্টিয়া
থেকে এবারের সংরক্ষিত আসনে মনোনয়ন পেয়েছেন মোছাম্মত ফরিদা ইয়াসমিন। চমক তাকে আন্তরিক
অভিনন্দন জানিয়েছেন।
রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে সক্রিয়
হওয়ার সূত্রপাত মূলত ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময়। ওই সময় রাজপথে সক্রিয় ভূমিকা
পালনের মাধ্যমে তিনি সাধারণ মানুষের নজর কাড়েন। সম্প্রতি তিনি বিএনপিতে আনুষ্ঠানিকভাবে
যোগ দেন এবং গত শুক্রবার নয়াপল্টনে বিএনপির মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাৎকার প্রদান
করেন। বেবী নাজনীন, কনকচাঁপা, রেজিয়া পারভীনের মতো তারকাদের ভিড়ে তরুণ এই অভিনেত্রীর
মনোনয়ন সংগ্রহ রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।
বর্তমানে চমক অভিনয়ের পাশাপাশি নিয়মিত
ডিজিটাল কনটেন্ট তৈরির মাধ্যমে দেশের পর্যটন ও সংস্কৃতি তুলে ধরছেন। মনোনয়ন না পেলেও
বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে ভবিষ্যতে রাজপথে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন
এই অভিনেত্রী।
বাংলাদেশের খবর/এম.আর

