‘ইনশাল্লাহ’ বলায় ভাইরাল হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ২০:৩২
অ্যান হ্যাথাওয়
বিশ্বখ্যাত হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ের একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দীর্ঘায়ু কামনায় ‘ইনশাআল্লাহ’ (আল্লাহ চাইলে) শব্দটি ব্যবহার করেছেন তিনি। তার এমন সচেতনতা ও ভিন্ন সংস্কৃতির প্রতি সম্মানবোধ দেখে প্রশংসায় ভাসছেন এই অস্কারজয়ী তারকা।
সম্প্রতি ‘পিপল’ ম্যাগাজিনকে একটি দীর্ঘ সাক্ষাৎকার
দেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। সেখানে নিজের জীবনদর্শন, ক্যারিয়ার এবং ভবিষ্যৎ পরিকল্পনা
নিয়ে কথা বলেন তিনি। দীর্ঘ ও সুস্থ জীবনের প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে হ্যাথাওয়ে বলেন,
“আমি একটি দীর্ঘ
ও সুস্থ জীবন কাটাতে চাই, ইনশাআল্লাহ। আমি সেটাই আশা করি।”
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার)
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে অধিকাংশ
ভক্তই তার সঠিক উচ্চারণ ও যথাযথ প্রেক্ষাপটে শব্দটি ব্যবহারের প্রশংসা করেছেন। বিশেষ
করে মুসলিম ভক্তরা তার এই উদার মানসিকতা ও অন্তর্ভুক্তিমূলক আচরণের সাধুবাদ জানাচ্ছেন।
মজার ব্যাপার হলো, হ্যাথাওয়ের এই মন্তব্য
এমন এক সময়ে এলো যখন শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর চরিত্র এলমোর ‘আসসালামু আলাইকুম’ বলা নিয়ে ইন্টারনেটে
ব্যাপক বিতর্ক চলছে। সেই বিতর্কের আগুনেই যেন নতুন মাত্রা যোগ করল হ্যাথাওয়ের এই বিনয়ী
উচ্চারণ।
সাক্ষাৎকারে নিজের চল্লিশোর্ধ্ব জীবন নিয়ে
প্রজ্ঞার পরিচয় দিয়েছেন এই তারকা। তিনি জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনকে সহজভাবে
নিতে শিখেছেন তিনি। হ্যাথাওয়ে বলেন, “আপনি চাইলে বার্ধক্যকে ভয় পেতে পারেন,
আবার চাইলে অকালে মৃত্যুকেও ভয় পেতে পারেন। আমি বার্ধক্যকে কৌতূহল ও ইতিবাচকতার সঙ্গেই
গ্রহণ করতে পছন্দ করি।”
জীবনের অনিশ্চয়তা নিয়ে নিজের দর্শন তুলে
ধরে তিনি আরও বলেন, “পরের মোড়ে আপনার জন্য কী অপেক্ষা করছে তা আপনি কখনোই জানবেন না—জীবন
এমনই। বয়স ১১ হোক বা ৪৩, অনিশ্চয়তাকে মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হয়।”
উল্লেখ্য, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ ও ‘লে মিজারেবল’ খ্যাত এই অভিনেত্রী বরাবরই
তার মার্জিত আচরণ ও স্পষ্টবাদিতার জন্য পরিচিত। বর্তমান সময়ে যখন পশ্চিমা বিশ্বে সাংস্কৃতিক
বৈচিত্র্য নিয়ে নানা আলোচনা চলছে, তখন অ্যান হ্যাথাওয়ের মুখে ‘ইনশাআল্লাহ’ শব্দটি বিশ্বজুড়ে তার ভক্তদের
কাছে এক বিশেষ বার্তা পৌঁছে দিল।
বাংলাদেশের খবর/এম.আর

