Logo

বিনোদন

আট বছর পর একসঙ্গে নিলয় ও শশী, আসছে ‘ভাবি’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ২০:৩৪

আট বছর পর একসঙ্গে নিলয় ও শশী, আসছে ‘ভাবি’

সম্পর্কের টানাপোড়েন ও সামাজিক বাস্তবতার এক ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ভাবি’। নাট্যকার ও পরিচালক মহিন খানের এই নাটকে দীর্ঘ আট বছর পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে নিলয় আলমগীর ও শারমীন জোহা শশীকে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এই নাটকটি নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

নাটকের গল্পে দেখা যাবে, পারুল (শশী) ও তার দেবর ইমরান (নিলয়) একই পরিবারে বাস করেন। পারুলের স্বামী বিদেশে থাকেন এবং সংসারের যাবতীয় দেখভালের দায়িত্ব ইমরানের ওপর। দেবর-ভাবির মধ্যে গড়ে ওঠে এক চমৎকার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে গল্পের মোড় ঘোরে যখন বিদেশে পারুলের স্বামীর আকস্মিক মৃত্যু হয়। এরপরই তাদের সহজ স্বাভাবিক সম্পর্ককে কেন্দ্র করে গ্রামে শুরু হয় নানা অপপ্রচার ও গুঞ্জন। লোকলজ্জা আর সম্পর্কের পবিত্রতার লড়াই নিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী।

দীর্ঘদিন পর নিলয়ের সঙ্গে কাজ করা প্রসঙ্গে হাজার বছর ধরে’ খ্যাত অভিনেত্রী শশী বলেন, নাটকের গল্প ও চরিত্রটি গতানুগতিক ধারার বাইরে। প্রায় আট বছর পর নিলয়ের সঙ্গে কাজ করলাম, যা আমার জন্য এক বিশেষ অভিজ্ঞতা। মহিন অনেক যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন, আশা করছি দর্শকদের ভালো লাগবে।”

অভিনয় থেকে কিছুটা দূরে থাকা প্রসঙ্গে শশী জানান, এখন তিনি বেছে বেছে ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলেই কেবল ক্যামেরার সামনে দাঁড়ান। ভাবি’ নাটকের স্ক্রিপ্ট তাকে সেই সুযোগ করে দিয়েছে। অন্যদিকে অভিনেতা নিলয় আলমগীর বলেন, ইমরান চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। একজন দেবর ও ভাবির মধ্যকার শুদ্ধ সম্পর্ককে সমাজ যখন ভিন্ন চোখে দেখে, তখন যে পরিস্থিতির সৃষ্টি হয়—তা এখানে দারুণভাবে ফুটে উঠেছে। শশী আপার সঙ্গে কাজ করাটা সবসময়ই আনন্দের।”

পরিচালক মহিন খান তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সহকারী পরিচালক থাকাকালীন শশী আপার সাথে কাজ করেছিলাম। প্রায় এক দশক পর পরিচালক হিসেবে তাকে আমার সেটে পাওয়াটা অনেক বড় প্রাপ্তি। তার অভিনয় দক্ষতা ও এক্সপ্রেশন নাটকটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। সেই সঙ্গে নিলয় ভাইও অনবদ্য অভিনয় করেছেন।”

নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির চিত্রধারণের কাজ শেষ হয়েছে। বর্তমানে চলছে কারিগরি সম্পাদনার কাজ। আসছে কোরবানির ঈদে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন