Logo

বিনোদন

নামাজ নিয়ে ভিডিও বানিয়ে সমালোচিত, জবাব দিলেন নমিতা থাপার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ২০:৩৯

নামাজ নিয়ে ভিডিও বানিয়ে সমালোচিত, জবাব দিলেন নমিতা থাপার

নামাজের শারীরিক ও মানসিক উপকারিতা নিয়ে ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র হেনস্তার শিকার হয়েছেন ভারতের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকিওর ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক নমিতা থাপার। টানা তিন সপ্তাহ ধরে চলা ব্যক্তিগত আক্রমণ ও ট্রোলিংয়ের পর অবশেষে নীরবতা ভেঙে সমালোচকদের উচিত জবাব দিয়েছেন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত এই বিচারক।

ঘটনার সূত্রপাত গত ২৫ মার্চ। এক মুসলিম বন্ধুর বাড়িতে ইফতারের দাওয়াতে গিয়ে নামাজের বিভিন্ন ভঙ্গি এবং এর আধ্যাত্মিক দিকগুলো নিয়ে আলোচনা করেন নমিতা। একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে তিনি লক্ষ্য করেন, নামাজের শারীরিক কসরতগুলো রক্ত সঞ্চালন বৃদ্ধি, হজম শক্তি উন্নত করা এবং মানসিক চাপ কমাতে সহায়ক। বিষয়টি নিয়ে তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করলে নেটিজেনদের একটি অংশ একে ধর্মীয়’ রূপ দিয়ে তাকে আক্রমণ শুরু করে।

দীর্ঘদিন চুপ থাকলেও সম্প্রতি এক ভিডিও বার্তায় নিজের ক্ষোভ উগরে দেন নমিতা। তিনি বলেন, গত তিন সপ্তাহ ধরে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, আমি সব সহ্য করেছি। কিন্তু এখন আমার মাকেও কুরুচিকর আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে। নিজের পরিবারকে জড়িয়ে এমন নোংরামি মেনে নেওয়া সম্ভব নয়।”

নমিতা প্রশ্ন তোলেন, আমি যখন সূর্য নমস্কার বা যোগব্যায়ামের উপকারিতা নিয়ে নিয়মিত ভিডিও শেয়ার করি, তখন তো কেউ আপত্তি তোলে না। তাহলে নামাজের স্বাস্থ্যগত দিক নিয়ে কথা বললেই কেন এত অসহিষ্ণুতা?

নিজেকে একজন গর্বিত হিন্দু’ হিসেবে পরিচয় দিয়ে তিনি আরও বলেন, অন্য ধর্মের ভালো দিককে সম্মান করা মানে নিজের ধর্মকে ছোট করা নয়। হিন্দুধর্মে কর্মফল’ বলে একটি কথা আছে। যারা ঘৃণা ছড়াচ্ছেন, তাদের মনে রাখা উচিত ঈশ্বর সব দেখছেন এবং এই কৃতকর্মের ফল তাদেরই ভোগ করতে হবে।”

সবশেষে সচেতন ভারতীয়দের প্রতি ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান নমিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই সাহসী অবস্থান ইতিবাচক সাড়া ফেলেছে। অনেক ভক্তই মনে করছেন, নমিতার মতো প্রভাবশালী ব্যক্তিত্বদের এমন স্বচ্ছ ও উদার দৃষ্টিভঙ্গি বর্তমান সময়ে অত্যন্ত জরুরি।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন