তৌসিফ মাহবুব
ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা তৌসিফ মাহবুব। ক্যারিয়ারের এক স্বর্ণালী সময় পার করলেও সাম্প্রতিক কিছু কাজ তৌসিফের জীবন দর্শনে নিয়ে এসেছে আমূল পরিবর্তন। বিশেষ করে আধ্যাত্মিক ও পরাবাস্তব ঘরাণার গল্পে অভিনয় করতে গিয়ে নিজের জীবনকে নতুন করে আবিষ্কার করছেন এই তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মৃত্যু, ধর্ম এবং বড় পর্দা নিয়ে তাঁর নতুন উপলব্ধির কথা খোলামেলা জানিয়েছেন তিনি।
তৌসিফ মাহবুবের এই পরিবর্তনের মূলে রয়েছে
তাঁর সাম্প্রতিক কাজ ‘খোয়াবনামা’। নাটকটির শুটিং চলাকালীন মৃত্যু এবং পরকাল নিয়ে তাঁর মধ্যে
এক গভীর বোধ তৈরি হয়। তৌসিফ বলেন, আসলে জীবন খুবই ক্ষণস্থায়ী। যেকোনো সময় যেকোনো
মুহূর্তে আমরা চলে যেতে পারি। আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত। এই জীবনটা আসলে কিছুই
না, সবকিছু আসলে পরকাল।
সাধারণত ধারণা করা হয়, বয়স বাড়লে মানুষ
ধর্মকর্মে মনোযোগী হবে। কিন্তু তৌসিফ সেই প্রথা ভাঙতে চান। তিনি জানান, ‘খোয়াবনামা’র পর থেকে তিনি নিয়মিত পাঁচ
ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছেন। তৌসিফের ভাষায়, “আগে ইচ্ছে থাকলেও হয়তো মাঝে মাঝে এক বা
দুই ওয়াক্ত পড়তাম। ভাবতাম কোনো একদিন শুরু করব। কিন্তু এখন মনে হয়, আমার আরও আগেই শুরু
করা উচিত ছিল।”
পর্দায় বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করে
নিজেকে বারবার প্রমাণ করেছেন তৌসিফ। তিনি মনে করেন, অভিনয়ের প্রভাব কেবল ক্যামেরার
সামনেই সীমাবদ্ধ থাকে না, তা ব্যক্তিজীবনেও পড়ে। বিশেষ করে কবরের আজাব বা আধ্যাত্মিক
বিষয়গুলো নিয়ে কাজ করার পর থেকে তাঁর জীবনবোধ বদলে গেছে। তিনি বিশ্বাস করেন, অভিনয়ের
মাধ্যমে দর্শকদের যা শেখাতে চান, তা আগে নিজের মধ্যে ধারণ করা জরুরি। শুধু আধ্যাত্মিক
পরিবর্তনই নয়, ক্যারিয়ারের গ্রাফও এখন ঊর্ধ্বমুখী তৌসিফের। ওটিটি প্ল্যাটফর্মে তাঁর
অভিনীত ‘চক্র’ সিরিজের
ব্যাপক সফলতা তাঁকে বড় স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। ভক্তদের মনে দীর্ঘদিনের প্রশ্ন
ছিল—তৌসিফকে কবে বড় পর্দায় (সিনেমা) দেখা যাবে?
এই প্রশ্নের উত্তরে অভিনেতা বেশ পরিপক্বতার
পরিচয় দিলেন। তৌসিফ বলেন, “সিনেমায় হুট করে চলে আসা যায় না, এর জন্য প্রস্তুতির প্রয়োজন। নিজেকে
প্রমাণ করতে হয় যে মানুষ টাকা খরচ করে আমার অভিনয় দেখবে কি না। ‘চক্র’ ব্যবসায়িক ও সৃজনশীলভাবে সফল হওয়ায়
আমি সেই সাহসটা পেয়েছি।”
তৌসিফ মাহবুবের এই পরিবর্তন ভক্তদের মাঝেও
ইতিবাচক প্রভাব ফেলেছে। জীবনের এই নতুন অধ্যায়ে তিনি নিজেকে একজন দক্ষ অভিনেতার পাশাপাশি
একজন সচেতন মানুষ হিসেবেও প্রতিষ্ঠিত করতে চাইছেন।
বাংলাদেশের খবর/এম.আর

