Logo

বিনোদন

তারা ভিউর নেশায় শিল্পীদের অস্বস্তিতে ফেলেন: মিম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ২০:২৩

তারা ভিউর নেশায় শিল্পীদের অস্বস্তিতে ফেলেন: মিম

বিদ্যা সিনহা মিম

সম্প্রতি একটি অনুষ্ঠানে চিত্রনায়ক সিয়াম আহমেদের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর ভিডিও ধারণের ভঙ্গি নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ভিডিওতে অবন্তীকে তার অনুমতি ছাড়া টপ অ্যাঙ্গেল’ থেকে ভিডিও করতে নিষেধ করতে দেখা যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে অবন্তীর পাশে দাঁড়িয়েছেন বিনোদন জগতের তারকারা। পরীমণির পর এবার এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সিয়াম ও তার স্ত্রী অবন্তী। সেখানে কিছু ব্যক্তি উপর থেকে বা টপ অ্যাঙ্গেল’ থেকে অবন্তীর ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি নজরে আসতেই অবন্তী আপত্তি জানান এবং অনুরোধ করেন যেন এমন কোণ থেকে ভিডিও করা না হয়। এমনকি তিনি অনুরোধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ অবন্তীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শুরু করলে বিষয়টি ভিন্ন দিকে মোড় নেয়।

এই অনাকাঙ্ক্ষিত বিতর্ক নিয়ে মুখ খুলেছেন বিদ্যা সিনহা মিম। তার মতে, প্রকৃত সাংবাদিকরা কখনোই এমন অপেশাদার আচরণ করেন না। মিম বলেন, যারা প্রকৃত অর্থে পেশাদার সাংবাদিক, তারা কখনোই এ ধরনের কাজ করেন না। যারা এসব করেন, তারা মূলত ভিউ পাওয়ার নেশায় মত্ত কিছু কনটেন্ট ক্রিয়েটর কিংবা পেজ অ্যাডমিন। তারা শুধু নিজেদের স্বার্থে শিল্পীদের অস্বস্তিতে ফেলেন।”

মিম আরও যোগ করেন, এত বছরের অভিজ্ঞতায় আমি কোনো পেশাদার সাংবাদিককে এমন কিছু করতে দেখিনি। তবে বিভিন্ন অনুষ্ঠানে কিছু বাইরের লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ঢুকে পড়ে ঝামেলা সৃষ্টি করে। মূলত সেখান থেকেই এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতির জন্ম হয়। আপনারা যেমন দর্শকদের জন্য দায়িত্ববোধ থেকে কাজ করেন, আমরাও আমাদের কাজের প্রতি দায়বদ্ধ। আপনাদের প্রতি আমাদের আস্থা ও সম্মান আছে। সহকর্মী হিসেবে এই পারস্পরিক সম্মান ও বিশ্বাসের সম্পর্ক বজায় থাকা উচিত।”

এর আগে অভিনেত্রী পরীমণিও অবন্তীর এই সাহসী অবস্থানের প্রশংসা করেছিলেন। তারকাদের মতে, একজন নারী কী পোশাক পরবেন সেটি তার ব্যক্তিগত বিষয়, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল ব্যবহার করে কাউকে সামাজিক বা মানসিকভাবে অস্বস্তিতে ফেলা নৈতিকতা বিবর্জিত কাজ।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন