Logo

বিনোদন

বিতর্কিত গান নিয়ে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ২১:০২

বিতর্কিত গান নিয়ে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

নোরা ফাতেহি

বলিউড সেনসেশন নোরা ফাতেহি শেষ পর্যন্ত আইনি জটিলতা ও জনরোষের মুখে নতিস্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাইলেন। কন্নড় সিনেমা কেডি: দ্য ডেভিল’-এর বিতর্কিত গান সরকে চুনরি তেরি সরকে’ নিয়ে তৈরি হওয়া আইনি ঝামেলার অবসান ঘটাতে ভারতের জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) মুখোমুখি হন এই অভিনেত্রী।

কেবল ক্ষমাপ্রার্থনা নয়, বিতর্কের কালি মুছতে একঝাঁক অনাথ মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। দিল্লির জাতীয় মহিলা কমিশনের দপ্তরে হাজির হয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন নোরা ফাতেহি। শুনানির সময় অভিনেত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন এবং জানান যে, কাউকে আঘাত দেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না।

নোরা তাঁর স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, আমি কেবল গানটির কন্নড় সংস্করণের জন্য শুটিং করেছিলাম। কিন্তু হিন্দি সংস্করণে গানটি ডাবিং করার সময় আমার কোনো অনুমতি নেওয়া হয়নি।” হিন্দি সংস্করণের লিরিক্স বা কথা অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশালীন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এই অনভিপ্রেত পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে নোরা যোগ করেন, তিনি অনেকটা পরিস্থিতির শিকার হয়েছেন এবং বিষয়টি তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। শুনানি শেষে নোরা ফাতেহি এক প্রশংসনীয় সামাজিক উদ্যোগের কথা ঘোষণা করেন। তিনি জানান, প্রায়শ্চিত্ত হিসেবে এবং সমাজ সংস্কারের লক্ষ্যে তিনি বেশ কিছু অনাথ মেয়ের পড়াশোনার যাবতীয় খরচ বহন করবেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নোরা বলেন, কমিশন আমার প্রতি খুবই সদয় ও সহযোগিতামূলক আচরণ করেছে। শিল্পী হিসেবে অবশ্যই আমাকে দায়িত্বশীল হতে হবে। সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া এখন আমার কাছে সবচেয়ে জরুরি। ওই মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়াই এখন আমার প্রধান লক্ষ্য।” নোরার এই পদক্ষেপকে অনেকেই বাস্তব জীবনের হিরোইন’ সুলভ আচরণ বলে অভিহিত করছেন।

উল্লেখ্য, এই একই গান নিয়ে বিতর্কের জেরে কয়েক সপ্তাহ আগে বলিউড মেগাস্টার সঞ্জয় দত্তকেও জাতীয় মহিলা কমিশন তলব করেছিল। গত ২৭ এপ্রিল কমিশনে হাজিরা দিয়ে সঞ্জয় দত্ত জানিয়েছিলেন যে, গানটি এমন একটি ভাষায় রেকর্ড করা হয়েছিল যা তিনি বোঝেন না। ফলে লিরিক্স যে আপত্তিকর হতে পারে, সে বিষয়ে তাঁর কোনো ধারণা ছিল না। দায়বদ্ধতার জায়গা থেকে সঞ্জয় দত্তও সেই সময় ৫০ জন আদিবাসী মেয়ের শিক্ষার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নোরার ক্ষেত্রেও প্রায় একই ধরণের ঘটনা ঘটল।

গত ১৫ মার্চ ইউটিউবে মুক্তি পেয়েছিল কেডি: দ্য ডেভিল’ ছবির গান সরকে চুনরি তেরি সরকে’। মুক্তির পর থেকেই গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে ভারতজুড়ে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ ওঠে যে, গানের শব্দচয়ন নারীর মর্যাদাহানি করেছে। তীব্র জনরোষ এবং মহিলা কমিশনের আপত্তির মুখে শেষ পর্যন্ত গানটি ইন্টারনেট ও সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে বাধ্য হয় প্রযোজনা সংস্থা।

আগামী ৩০ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে মুক্তির আগেই প্রধান দুই তারকার ক্ষমা চাওয়া এবং সামাজিক দায়বদ্ধতা পালনের অঙ্গীকার সিনেমাটির নেতিবাচক প্রচারকে ইতিবাচক মোড় দেবে কি না, তা সময়ই বলে দেবে। আপাতত নোরার এই মানবিক উদ্যোগ বলিউড পাড়ায় বেশ প্রশংসিত হচ্ছে।

বাংলাদেশের খবর/এম.আর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নোরা ফাতেহি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন