শাকিব খান
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির সাত বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর মাথা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় বইছে। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার চেয়ে সোচ্চার হয়েছেন। এই জঘন্য অপরাধের ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন ও জোরালো পোস্টে তিনি এই নৃশংসতার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর এমন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন, যা ভবিষ্যতে অন্য অপরাধীদের মনে ভয়ের সঞ্চার করবে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক
স্ট্যাটাসে শাকিব খান লিখেছেন, "একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের
বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার! শিশু রামিসার সাথে হওয়া এই নৃশংস ঘটনা পুরো
সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়! প্রয়োজন দ্রুত,
স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি; যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি
করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে।"
ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক আইনের কঠোর
প্রয়োগের আহ্বান জানিয়ে আরও লেখেন, "এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব
মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। তাই এখন সময় আইনের কঠোর প্রয়োগ, যাতে
আর কোনো রামিসাকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়; যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে
না হয়, ‘আমরা বিচার চাই
না, এদেশে বিচার নাই!’"
বাংলাদেশের খবর/এম.আর

