Logo

বিনোদন

ঈদে নুসরাত ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ২১:০৪

ঈদে নুসরাত ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’

নুসরাত ফারিয়া

ঢাকার শোবিজের অন্যতম স্টাইলিশ তারকা নুসরাত ফারিয়া। বেলাল খানের একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করার পর উপস্থাপনা, ছোট পর্দা এবং পরবর্তীতে জাজ মাল্টিমিডিয়ার আশিকী’ সিনেমা দিয়ে বড় পর্দায় মেগাস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তবে শুধু অভিনয়েই নিজেকে সীমাবদ্ধ রাখেননি ফারিয়া; সিনেমার সাফল্যকে পুঁজি করে ২০১৮ সালে পটাকা’ গানের মাধ্যমে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

প্রথম গানে আলোচনা-সমালোচনার ঝড় উঠলেও একে একে আরও চারটি গান উপহার দিয়ে সংগীতে নিজের অবস্থান শক্ত করেছেন। দুই বছরের বিরতি কাটিয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নুসরাত ফারিয়া নিয়ে আসছেন তার ষষ্ঠ একক গান লোকে বলে’। আর এবারের ঈদে তার এই বিশেষ আয়োজনের পেছনে সুরের জাদু বুনেছেন দেশের নন্দিত সুরকার ও সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির।

ফোক ও পপ সুরের এক অপূর্ব মিশ্রণে তৈরি হয়েছে ভিন্ন ঘরানার এই ড্যান্স ট্র্যাক লোকে বলে’। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। আমেরিকার নিউ ইয়র্ক প্রবাসী ফুয়াদ আল মুক্তাদির গানের সুর ও মূল সংগীতায়োজন করলেও তার এই প্রজেক্টে দেশের একঝাঁক গুণী যন্ত্রশিল্পী যুক্ত ছিলেন। গানটিতে দোতারা বাজিয়েছেন আনন্দ শিকদার, পারকাশনে ছিলেন দেশের আলোচিত ড্রামার ও পারকাশন বাদক মিঠুন দাস এবং বাঁশিতে সুরের লহরী তুলেছেন কামরুল আহমেদ। গানটির মিক্স ও মাস্টারিংয়ের কাজ সম্পন্ন করেছেন ভারতের বিখ্যাত সাউন্ড ইঞ্জিনিয়ার অভিষেক ঘটক।

কেবল অডিওতেই নয়, বরাবরের মতোই নুসরাত ফারিয়ার গানের প্রধান আকর্ষণ এর চোখধাঁধানো ও নান্দনিক ভিজ্যুয়াল। সম্প্রতি রাজধানীর নাইন অ্যান্ড হাফ’ শুটিং সেটে বিশাল আয়োজনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। গানটির কোরিওগ্রাফি এবং মিউজিক ভিডিও পরিচালনার দায়িত্বে ছিলেন কলকাতার জনপ্রিয় নির্মাতা ও কোরিওগ্রাফার বাবা যাদব। গ্ল্যামারাস এই মিউজিক ভিডিওতে গায়িকা নুসরাত ফারিয়ার পাশাপাশি স্বশরীরে হাজির হতে দেখা যাবে খোদ সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদিরকেও। ঈদের দিন একযোগে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এবং বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মের সহযোগী প্রতিষ্ঠান বিলিং মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হবে।

দীর্ঘ দুই বছর পর নতুন গান নিয়ে ফেরা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, গানের ভুবনে প্রতিনিয়ত ভিন্ন ও নতুন কিছু তুলে ধরার আকাঙ্ক্ষা আমার সবসময়ই থাকে। সেই তাগিদ থেকেই ফুয়াদ ভাইয়ের সঙ্গে লোকে বলে’ গানটি তৈরি করা। আমার আগের পাঁচটি গান থেকে এবারের আয়োজনের গায়াকী ও মিউজিক ডিরেকশন একেবারেই আলাদা। এখানে শ্রোতারা সম্পূর্ণ নতুন ঘরানার এক নুসরাত ফারিয়াকে আবিষ্কার করতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।

ফারিয়ার সুরের প্রশংসা করে নিউ ইয়র্ক থেকে এক বার্তায় সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদিরও এই প্রজেক্ট নিয়ে দারুণ আশাবাদ ব্যক্ত করেছেন। বর্তমানে ফুয়াদ তার নিজস্ব ব্যান্ড দল এফএনএফ’ এবং তরুণ শিল্পীদের নিয়ে ব্যস্ত সময় পার করলেও ফারিয়ার এই প্রজেক্টটিকে বিশেষ বলে উল্লেখ করেছেন। অভিনয়, মডেলিং ও উপস্থাপনার ব্যস্ত শিডিউলের মাঝে নুসরাত ফারিয়ার এই নতুন গানটি এবারের ঈদে শ্রোতাদের প্রত্যাশা ছাড়িয়ে যাবে এবং উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেবে—এমনটাই প্রত্যাশা বিনোদন সংশ্লিষ্টদের।

 

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন