ছোট বয়সে আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলাম: প্রিয়ন্তী উর্বী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ২১:০৭
প্রিয়ন্তী উর্বী
"কিছু ঘটনা মানুষ কখনো ভুলে যেতে পারে না। সময় কেবল তাকে চুপ করে বাঁচতে শেখায়।" সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি বাক্য লিখে নিজের শৈশবের এক অস্বস্তিকর ও ট্রমাটিক অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় নবীন অভিনয়শিল্পী প্রিয়ন্তী উর্বী।
সম্প্রতি রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় বইছে, সেই আবহে নিজের জীবনের এক লুকিয়ে রাখা অন্ধকার অধ্যায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। জানিয়েছেন, মাত্র ৪ থেকে ৫ বছর বয়সে তিনিও ‘ইনঅ্যাপ্রোপিয়েট টাচ’ বা আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন, যার মানসিক ক্ষত আজও তাকে তাড়া করে ফেরে।
উর্বী তার ফেসবুক পোস্টে লিখেছেন,
"কিছু ঘটনা মানুষ ভুলে যায় না, শুধু চুপ করে বাঁচতে শিখে। আমিও শিখেছিলাম। তাই
নিজেকে সব সময় ব্যস্ত রাখি, যেন মাথার ভেতরের শব্দগুলো একটু শান্ত হয়। কিন্তু যখনই
কোনো শিশুর অ্যাবিউজ কিংবা রেপের খবর দেখি, আমি ভেতর থেকে ভেঙে পড়ি। কারণ, ছোটবেলায়
আমিও ইনঅ্যাপ্রোপিয়েট টাচের শিকার হয়েছিলাম।"
শৈশবের সেই ভয়াবহ দিনগুলোর স্মৃতিচারণ
করতে গিয়ে উর্বী তার পোস্টে লিখেছেন, চার-পাঁচ বছরের একটি অবুঝ শিশুর মনে এসব ঘটনা
কতটা গভীর ভয় ও ট্রমা ঢুকিয়ে দেয়, তা তিনি আজ হাড়ে হাড়ে অনুভব করতে পারেন। তার
ভাষায়, "তখন বুঝতাম না, ঠিক কী হচ্ছে, শুধু মনে হতো, এটা স্বাভাবিক না। আব্বু-আম্মু
তো কখনো এভাবে ধরেনি। আজ ভাবি, ৪-৫ বছরের একটা বাচ্চার মনে কতটা ভয় ঢুকে যায় এসব
থেকে। কত প্রশ্ন, কত অস্বস্তি, কত না-বলা কান্না জমে থাকে বছরের পর বছর।"
বাংলাদেশের খবর/এম.আর

