Logo

বিনোদন

মাসুদ রানা হতে যা কিছু করেছেন রাসেল রানা

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৬:৪৩

মাসুদ রানা হতে যা কিছু করেছেন রাসেল রানা

ছবি: সংগৃহীত

এবারের ঈদে কাজী আনোয়ার হোসেনের কালজয়ী উপন্যাস ‘মাসুদ রানা’র গোয়েন্দা চরিত্র নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাসুদ রানা’ মুক্তি পেয়েছে। রাসেল রানা অভিনীত ছবিটি মুক্তির পর দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

শুক্রবার (৩১ মে) রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে ছবিটির প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নায়ক রাসেল রানা। তার সঙ্গে ছবির আরও কলাকুশলী উপস্থিত ছিলেন।

এর মাঝে রয়েছেন সুমন ফারুক। তিনি ছবিটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন। এর আগে সুমন ফারুক জয়া আহসানের বিপরীতে ফেরেশতে ছবিতে মূল চরিত্রে অভিনয় করেন। ছবিটির প্রযোজকও ছিলেন তিনি। ফেরশেতে ছাড়াও সুলতানপুর ছবিতে অভিনয় করেছেন সুমন ফারুক। 

মাসুদ রানার নায়ক জানান, কীভাবে তিনি মাসুদ রানা হয়ে উঠলেন। তিনি বলেন, আমাকে মাসুদ রানা হয়ে উঠতে কিছু কাজ করতে হয়েছে। প্রথমেই গল্পের বইগুলো পড়ার সময় কল্পনা করতাম মাসুদ রানা কীভাবে চলাফেরা করবে। তার কথাবার্তার ভঙ্গি কেমন হবে। ওই জিনিসগুলো নিজের মাঝে রপ্ত করেছিলাম।

রাসেল রানা বলেন, আমার ক্যারিয়ারের শুরুতে প্রমোশন ও ডিমোশন দুটোই দেখেছি। শো থেকে যখন আমি ইউনার হয়ে আসলাম তখন এটি ছিল প্রমোশন। এরপর আমার ডিমোশন শুরু হলো। সিনেমা আসছে না। অনেক ধরনের কথাবার্তা হচ্ছে; ডিপ্রেসন। সবকিছু মিলিয়ে আমি অনেকটা সময় কাটিয়েছি। এখন আমি প্রমোশনের পর্যায়ে আছি। আমার জন্য দোয়া করবেন আপনারা।

এদিকে বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিনেমাটি নিয়ে এক অভিনব চ্যালেঞ্জ ও বড় ঘোষণা দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করে বলেন, এবারের ঈদের সেরা সিনেমা হবে ‘মাসুদ রানা’। 

প্রযোজক বলেন, আমাদের সিনেমায় নতুন নায়ক-নায়িকা কাজ করেছেন। নতুন হওয়ার কারণে হয়তো শুরুর দিকে তারা কিছুটা কম প্রাধান্য পাবেন। তবে জাজ মাল্টিমিডিয়ার ওপর মানুষের একটা দীর্ঘদিনের ভরসা আছে। সেই ভরসার জায়গা থেকেই আমি বলছি— এ সিনেমা যদি এই ঈদের সেরা সিনেমা না হয়, তবে জাজ মাল্টিমিডিয়া আর কোনো দিন সিনেমা বানাবে না এবং আমিও আর কোনো দিন সিনেমা তৈরি করব না।

এ ব্যতিক্রমী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আব্দুল আজিজ বলেন, চ্যালেঞ্জ একটাই— যদি কারও কাছে সিনেমা খারাপ লাগে, জাস্ট টিকিটের পেছনে নাম এবং আপনার বিকাশ নম্বর লিখে জাজ মাল্টিমিডিয়ার ঠিকানায় পাঠিয়ে দেবেন, টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।  

২০২০ সালে কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় চরিত্র ‘মাসুদ রানা’কে নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া। পরে ২০২৩ সালে মুক্তি পায় ‘এমআর-৯: ডু অর ডাই’। তবে পরিচালক সৈকত নাসিরের নির্মাণাধীন ‘মাসুদ রানা’ সিনেমাটি নানা জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রযোজক  আব্দুল আজিজ জানান, সিনেমার চিত্রনাট্য নিজেই অনুমোদন করেছিলেন কাজী আনোয়ার হোসেন।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বেশির ভাগ শুটিং শেষ হয়েছিল প্রায় পাঁচ বছর আগেই। পরে একটি গান ও কয়েকটি দৃশ্যের কাজ বাকি থাকায় পিছিয়ে যায় মুক্তি। সম্প্রতি সেই কাজও শেষ হয়।

সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। এ ছাড়া ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন