বৃষ্টিভেজা আবহে মুক্তি পেল ফরহাদ হুসাইনের মিউজিক ভিডিও ‘বৃষ্টি’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৯:৪২
সংগীতশিল্পী ও তরুণ কম্পোজার ফরহাদ হুসাইনের নতুন গান ‘বৃষ্টি’ গত ২৪ মে প্রকাশিত হয়েছে। বৃষ্টিভেজা আবহ ও রোমান্টিক অনুভূতির মিশেলে নির্মিত গানটি ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
গানটির কথা লিখেছেন হাবিবুর রহমান মুরাদ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন মাশিকুর রহমান বাপ্পী। গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে Forhad Hossain ফেসবুক পেজ এবং Forhad5757 ইউটিউব চ্যানেলে।
মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন ফরহাদ হুসাইন, আরিফা জাহান প্রিনন, অদ্বিতীয়া আইচ তুলি ও আকাশ। ভিডিওটির পরিচালনা ও সম্পাদনার দায়িত্ব পালন করেছেন কৌশিক সরকার।
বর্তমানে ‘বৃষ্টি’ গানটি আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম Spotify, Apple Music-সহ সকল প্রধান অডিও প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স (টুইটার) ও টিকটক-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের মিউজিক লাইব্রেরিতেও গানটির অডিও যুক্ত হয়েছে।
গানটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কণ্ঠশিল্পী ফরহাদ হুসাইন বলেন, “বৃষ্টিস্নাত মেঘলা দিনে বৃষ্টির গান, সঙ্গে ঈদের আনন্দ—এমন একটি সময়ে দর্শক-শ্রোতাদের কাছে গানটি পৌঁছে দিতে পেরে খুব ভালো লাগছে। ইতোমধ্যে আমার পেজে গানটি ব্যাপক সাড়া ফেলেছে। অসংখ্য শুভাকাঙ্ক্ষী গানটি তাদের ওয়ালে শেয়ার করছেন। ‘বৃষ্টি’ নিয়ে আমি খুবই আশাবাদী।”
উল্লেখ্য, ২০২০ সালে ফরহাদ হুসাইনের প্রথম মৌলিক গান ‘ও পাখি’ প্রকাশিত হয়। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত সংগীত পরিবেশন করে আসছেন।
দেশ-বিদেশের বিভিন্ন স্টেজ শোর পাশাপাশি তিনি নিয়মিত টেলিভিশনে গান গাওয়ার পাশাপাশি কিবোর্ডও বাজিয়ে থাকেন। সংগীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এই শিল্পীর কণ্ঠে এ পর্যন্ত বেশ কয়েকটি মৌলিক গান প্রকাশ পেয়েছে। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে— ‘ও পাখি’, ‘যদি এমন হতো’, ‘মনের পাতায় সারাক্ষণ’, ‘আমায় তুমি চেয়েছো এত-যে’ এবং ‘ও সন্ধ্যাতারা’।

