Logo

বিনোদন

সব জল্পনার অবসান

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ২১:৩৮

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

ঢালিউড পাড়ায় গত কয়েক মাস ধরে চলা সব জল্পনা-কল্পনা, গুঞ্জন আর রহস্যের অবসান ঘটল। অবশেষে এলো সেই বহুল প্রতীক্ষিত সুখবর। আবারও কন্যাসন্তানের বাবা-মা হলেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। পুত্রসন্তান শেহজাদ খান বীরের পর এই তারকা দম্পতির সংসারে এলো এক ফুটফুটে কন্যাসন্তান, যার নাম রাখা হয়েছে শারলিন খান।  শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি বিশেষ কার্ড পোস্ট করে বুবলী নিজেই এই আনন্দের খবর ভক্ত ও অনুরাগীদের সাথে শেয়ার করেছেন।

ফেসবুক পোস্টে বুবলীর শেয়ার করা কার্ডটি থেকে জানা যায়, শুক্রবার ঘোষণা দেওয়া হলেও বুবলী কন্যাসন্তানের মা হয়েছেন গত ১১ মে। কার্ডটিতে অত্যন্ত আনন্দিত বাবা-মা হিসেবে স্পষ্টাক্ষরে মেগাস্টার শাকিব খান ও শবনম বুবলীর নাম উল্লেখ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া আবেগঘন পোস্টে বুবলী লিখেছেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বুবলী তাঁর পোস্টে আরও যোগ করেন, আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেনএমন একটি গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোবিজের আকাশে উড়ছিল। বিশেষ করে চলতি বছর দুই ঈদে বুবলীর দুটি সিনেমা মুক্তি পেলেও সেগুলোর প্রচারণায় তাঁকে সশরীরে মাঠে বা গণমাধ্যমে তেমন সক্রিয় দেখা যায়নি, যা এই গুঞ্জনকে আরও উসকে দেয়। সম্প্রতি প্রখ্যাত কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই আলোচনা নতুন মাত্রা পায়। বুবলীর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে অ্যাডলফ খান লিখেছিলেন, মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।” অবশেষে বুবলীর আজকের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে অ্যাডলফ খানের দেওয়া তথ্য এবং ভক্তদের দীর্ঘদিনের অনুমানই সত্যি প্রমাণিত হলো। বুবলীর এই ঘোষণার পরপরই শোবিজ অঙ্গনের সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন।

প্রথমবার মা হওয়ার আগেও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে ঢালিউডে ব্যাপক জলঘোলা হয়েছিল। সে সময় তিনি দীর্ঘদিনের জন্য আড়ালে চলে যান এবং সন্তানের বাবা বা নিজের বৈবাহিক সম্পর্ক নিয়ে শুরুতে প্রকাশ্যে কিছু বলেননি। পরে সন্তানকে সঙ্গে নিয়ে সামনে এসে বুবলী জানান, শাকিব খানই তাঁর স্বামী। সেই অতীত অভিজ্ঞতার কারণেই এবারও তাঁর মাতৃত্ব ও আড়ালে থাকা নিয়ে নতুন করে কৌতুহল তৈরি হয়েছিল সবার মনে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও শবনম বুবলী, যা ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে। পরবর্তীতে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় এই দম্পতির প্রথম পুত্রসন্তান শেহজাদ খান বীর। এবার কন্যাসন্তান শারলিন খানের আগমনে শাকিব-বুবলীর ভক্তদের মাঝে বইছে আনন্দের হাওয়া।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন