ফুটবল বিশ্বে আর্জেন্টিনার প্রতি সমর্থকদের পাগলামি ও ভালোবাসা নতুন কোনো বিষয় নয়। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মতো বাংলাদেশের শোবিজ অঙ্গনেও আলবিসেলেস্তেদের এক বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে। দেশের অনেক তারকার মতো জনপ্রিয় ও গুণী অভিনেত্রী মনিরা মিঠুও আর্জেন্টিনার একজন নিবেদিতপ্রাণ সমর্থক।
সম্প্রতি এক আলাপচারিতায় প্রিয় দলের
প্রতি নিজের গভীর আবেগ ও ভালোবাসার কথা প্রকাশ করতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন,
মাঠের জয়-পরাজয় যাই হোক না কেন, তার হৃদয়ে সবসময় কেবল আর্জেন্টিনাই থাকবে। এই অভিনেত্রী
বলেন, আমি হেরে গেলেও আর্জেন্টিনা, জিতে গেলেও আর্জেন্টিনা। দলের একটি-দুটি ম্যাচের
ফলাফল দিয়ে আমার এই আজন্ম সমর্থন কখনো বদলে যায় না। মূলত ছোটবেলা থেকেই এই দলের প্রতি
এক অদৃশ্য টান অনুভব করে আসছি, যা সময়ের সাথে সাথে আরও পরিপক্ক হয়েছে।
নিজের ফুটবল-প্রেমের শুরুটা নিয়ে স্মৃতিচারণ
করতে গিয়ে মনিরা মিঠু জানান, তার আর্জেন্টিনা-প্রেমের বীজ বোনা হয়েছিল শৈশবেই, যার
পেছনে মূল অবদান তার বড় ভাইয়ের। ভাইয়ের কাছ থেকেই তিনি প্রথম আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য,
ইতিহাস এবং বিশ্ব ফুটবলের রাজপুত্র ডিয়েগো ম্যারাডোনা সম্পর্কে জানতে পারেন।
স্মৃতিকাতর হয়ে মনিরা মিঠু বলেন, জন্মের
পর থেকেই বলতে গেলে বড় ভাইয়ের মুখে আর্জেন্টিনার নানা গল্প শুনে বড় হয়েছি। ভাইয়া সবসময়
বলতেন, আজকে ম্যারাডোনার খেলা আছে, রাতে ঘুমানো যাবে না। তখন আমার বয়স খুব বেশি হলে
মাত্র সাত বছর। সেই সাত বছর বয়স থেকেই ভাইয়ের সাথে সারা রাত জেগে টেলিভিশনের সামনে
বসে থাকতাম। ম্যারাডোনার জাদুকরী ফুটবল, মাঠে তার অতিমানবীয় দৌড়, ড্রিবলিং আর নিখুঁত
গোল করার মুহূর্তগুলো আমাকে একদম মুগ্ধ করে রাখত।
ম্যারাডোনা যখন প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে
গোল করতেন, তখন মনে হতো চোখের সামনে অসাধারণ কোনো জাদু দেখছি। শৈশবের সেই রোমাঞ্চকর
অনুভূতি ও স্মৃতিগুলোই আমাকে আর্জেন্টিনার সঙ্গে আজীবন মানসিকভাবে গভীরভাবে যুক্ত করে
রেখেছে। এই অভিনেত্রীর ভাষ্যমতে, ফুটবল তার কাছে শুধুই ৯০ মিনিটের কোনো খেলা নয়, বরং
এটি তার শৈশব, আবেগ, স্মৃতি এবং পারিবারিক আড্ডার একটি অবিচ্ছেদ্য অংশ। তাই দল কোনো
ম্যাচে খারাপ করলেও তার সমর্থনে এক চুলও চির ধরে না।
তিনি বিশ্বাস করেন, জয় অবশ্যই পরম আনন্দের
এবং আর্জেন্টিনা জিতলে পরিবার ও বন্ধুদের নিয়ে উৎসবের আমেজ তৈরি হয়। কিন্তু দল হারলেও
তিনি কখনো মুখ ফিরিয়ে নেন না। কারণ সত্যিকারের সমর্থক কখনো শুধু জয়ের সময় পাশে থাকে
না, বরং কঠিন ও দুঃসময়েও দলের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। মনিরা মিঠুর মতে, ম্যারাডোনার
সময় থেকে শুরু হওয়া আর্জেন্টিনার প্রতি তার এই নিখাদ ভালোবাসা আজও অটুট রয়েছে।
মেসিদের এই নতুন প্রজন্মের তারকা ফুটবলারদের
খেলাও তিনি নিয়মিত অনুসরণ করেন এবং প্রতিটি টুর্নামেন্টে দলের জন্য গলা ফাটান। তবে
শৈশবের সেই ম্যারাডোনা-স্মৃতি আজও তার ফুটবল ভালোবাসার সবচেয়ে মূল্যবান অধ্যায় হয়ে
টিকে আছে। সময় বদলেছে, ফুটবল বদলেছে এবং খেলোয়াড়ও বদলেছে, কিন্তু আর্জেন্টিনার প্রতি
তার অন্ধ ভালোবাসা কখনো বদলায়নি এবং তিনি আমৃত্যু আর্জেন্টিনার সমর্থক হিসেবেই থাকতে
চান।
বাংলাদেশের খবর/এম.আর

