Logo

বিনোদন

‘এমি’ মনোনয়ন পেলেন মার্কিন অভিনেত্রী ব্রিটানি অ্যালেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ২০:৪২

‘এমি’ মনোনয়ন পেলেন মার্কিন অভিনেত্রী ব্রিটানি অ্যালেন

হলিউডে একটি প্রচলিত কথা আছে—‘এখানে নিজেকে টেনে তোলার দায়িত্ব নিজেরই’। ঠিক এই উক্তিটিরই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মার্কিন অভিনেত্রী ব্রিটানি অ্যালেন। কোনো বড় প্রযোজনা সংস্থা বা পিআর এজেন্সির সাহায্য ছাড়াই, সম্পূর্ণ নিজের উদ্যোগে এবং নিজের পকেটের গাঁটছড়া খরচ করে বিশ্ব টেলিভিশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ এমি অ্যাওয়ার্ডস ২০২৬’-এর মনোনয়ন ছিনিয়ে নিয়েছেন তিনি।

লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন ব্রিটানি। ঘুম থেকে উঠেই জানতে পারেন, এইচবিও-র জনপ্রিয় মেডিকেল ড্রামা সিরিজ দ্য পিট’-এর জন্য তিনি আউটস্ট্যান্ডিং গেস্ট অ্যাক্ট্রেস ইন আ ড্রামা সিরিজ’ বিভাগে মনোনীত হয়েছেন। এই আনন্দের মুহূর্তটি তাঁর জন্য আরও বেশি স্পেশাল, কারণ এই মনোনয়নের জন্য আবেদন ফরমটি তিনি নিজেই পূরণ করেছিলেন।

সাধারণত বড় বড় প্রযোজনা সংস্থা বা চ্যানেল কর্তৃপক্ষ তাদের তারকাদের নাম এমি মনোনয়নের জন্য জমা দেয়। কিন্তু দ্য পিট’ সিরিজে শতাধিক চরিত্র থাকায় এইচবিও কৌশলগত কারণে ব্রিটানি অ্যালেনের নাম তালিকায় রাখেনি। এই খবর জানার পর দমে যাননি ব্রিটানি। গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি ঘোষণা দেন, প্রযোজনা সংস্থা পাশে না দাঁড়ালেও তিনি নিজের কাজের ওপর বিশ্বাস রাখেন। এরপর তিনি নিজেই নিয়ম মেনে ২২৫ মার্কিন ডলার (প্রায় ২৬ হাজার টাকা) ফি দিয়ে এমির জন্য নিজের মনোনয়নপত্র দাখিল করেন।

লস অ্যাঞ্জেলেস থেকে ফোনে ব্রিটানি অ্যালেন বলেন, এই ইন্ডাস্ট্রি আপনাকে সহজে কোনো সুবিধা দেবে না। এখানে নিজেকে এগিয়ে নেওয়ার লড়াইটা নিজেকেই করতে হয়। যখন আপনি কোনো কাজে নিজের শতভাগ উজাড় করে দেবেন, তখন সেটির স্বীকৃতি পাওয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করা উচিত। নিজের পক্ষে দাঁড়ানো এবং বিশ্বকে বলা যে—‘দেখো, আমি এই কাজটি করেছি’, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল।

‘দ্য পিট’ সিরিজের দ্বিতীয় সিজনে মাত্র ৭টি পর্বে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন ব্রিটানি। সিরিজে তিনি রক্সি হ্যামলার’ নামের এক তরুণী মায়ের চরিত্রে অভিনয় করেন, যিনি ক্যানসারের শেষ ধাপে পৌঁছে তীব্র যন্ত্রণা সহ্য করার চেয়ে বা শান্ত মর্যাদার সাথে মৃত্যুকে বেছে নেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে ব্রিটানি মৃত্যু ও আধ্যাত্মিকতার ওপর বেশ কিছু বই পড়েন এবং দীর্ঘ দুই মাস সেটে প্রতিনিয়ত জীবন-মৃত্যুর দর্শন নিয়ে ভাবেন। তার এই অনবদ্য অভিনয় দর্শকদের পাশাপাশি এমি ভোটারদের মন জয় করে নিয়েছে। এ বছর রেকর্ডসংখ্যক ২৫টি মনোনয়ন পেয়ে এমির তালিকায় শীর্ষে রয়েছে দ্য পিট’।

ব্রিটানি অ্যালেনই একমাত্র নন, এই সিরিজের আরেক অভিনেতা জেফ কোবারও (যিনি মেকানিক ডিউক ইভান্সের চরিত্রে অভিনয় করেছেন) নিজের উদ্যোগে আবেদন করে আউটস্ট্যান্ডিং গেস্ট অ্যাক্টর’ বিভাগে মনোনয়ন পেয়েছেন। এছাড়া এই একই ক্যাটাগরিতে সিরিজটি থেকে টাল অ্যান্ডারসন ও টিনা ইভলেভও মনোনীত হয়েছেন।

অভিনেত্রীর এই আত্মবিশ্বাস ও সাহসিকতার প্রশংসা করেছেন এইচবিও এবং ম্যাক্স-এর প্রধান নির্বাহী কেসি ব্লয়েস। তিনি বলেন, দ্য পিট সিরিজে শত শত দুর্দান্ত অভিনয়শিল্পী রয়েছেন। কৌশলগত কারণেই আমাদের পক্ষে সবার নাম পাঠানো সম্ভব হয় না। তবে আমরা সবসময়ই তারকাদের ব্যক্তিগতভাবে আবেদন করতে উৎসাহিত করি এবং ব্রিটানি মনোনয়ন পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।

এর আগে ২০১১ সালে ডে-টাইম এমি অ্যাওয়ার্ডস জিতেছিলেন ব্রিটানি অ্যালেন। তবে প্রাইমটাইম এমির মঞ্চে এবারই প্রথম পা রাখছেন তিনি। আগামী ১৪ সেপ্টেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এমি পুরস্কারের মূল অনুষ্ঠান। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় থাকা ব্রিটানি হাসিমুখে বলেন, দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে হাড়ভাঙা খাটুনি খাটার পর যখন এমন একটা বড় জয় আসে, তখন তা মন ভরে উপভোগ করতে হয়। সেই রাতে রেড কার্পেটে পা রাখাটাই হবে আমার জীবনের অন্যতম বড় জয়।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন