৩৭ বছরের দাম্পত্যে ফাটল? গোবিন্দের ব্যক্তিগত জীবন ঘিরে নতুন জল্পনা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৪:৩৮
ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবন নিয়ে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। মাত্র ১৮ বছর বয়সে গোবিন্দকে বিয়ে করেছিলেন সুনীতা। তবে অভিনেতার ফ্যান ফলোয়িং কমে যাওয়ার আশঙ্কায় বিয়ের খবর দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল। সম্প্রতি সুনীতা এক সাক্ষাৎকারে তাদের দীর্ঘ দাম্পত্য জীবন নিয়ে বেশ কিছু মন্তব্য করেন, যা নিয়ে চর্চা শুরু হয়েছে বলিউডে।
সাক্ষাৎকারে সুনীতা বলেন, ‘আমাদের দুটি বাড়ি আছে। আমি ও আমার সন্তানরা অ্যাপার্টমেন্টে থাকি, আর গোবিন্দ বাংলোতে। তার কাজের ব্যস্ততার কারণে আমাদের মধ্যে যোগাযোগের ঘাটতি দেখা দিয়েছে।’ এছাড়াও তিনি জানান, ‘গোবিন্দ সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, রোম্যান্সের জন্য তার একদম সময় নেই। আমি তাকে বলেছি, আগামী জীবনে যেন সে আমার স্বামী না হয়। আমরা ৩৭ বছর ধরে একসঙ্গে আছি, তবে এখন জানি না সে কতটা বদলে গেছে।’
যদিও সুনীতা সরাসরি বিচ্ছেদের কোনো কথা উল্লেখ করেননি, তবে তার এই মন্তব্যের পর থেকেই প্রশ্ন উঠেছে এই তারকা দম্পতির সম্পর্ক নিয়ে। বলিউডের রোমান্স, কমেডি এবং নাচের ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্সের জন্য গোবিন্দের খ্যাতি অটুট থাকলেও তার ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এফএটি

