একজন নারী-পুরুষের সম্পর্ক মানেই প্রেম নয়: মৌনী রায়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২১:০৬
বলিউড ও ছোটপর্দার প্রেম-বিচ্ছেদের খেলা যেন নিত্যদিনের ব্যাপার। এই শোনা যায় কোনো তারকার বিয়ের সানাই, তো পরক্ষণেই আসে ভাঙনের সুর। গত মে মাসে সুরজ নাম্বিয়ারের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টেনে খবরের শিরোনামে এসেছিলেন ‘নাগিন’ খ্যাত জনপ্রিয় বাঙালি অভিনেত্রী মৌনী রায়। সে সময় তার এই বিচ্ছেদ নিয়ে তোলপাড় পড়েছিল বিনোদন অঙ্গনে।
তবে বিচ্ছেদের ক্ষত শুকানোর আগেই সিনেপাড়ায় ডালপালা মেলেছে নতুন গুঞ্জন—আবারও নাকি গোপনে প্রেমে মজেছেন এই বঙ্গললনা! পাত্র তাঁরই দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ও সহ-অভিনেতা অর্জুন বিজলানি। তবে এই গুঞ্জন ছড়াতেই কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন অর্জুন এবং মৌনীর ঘনিষ্ঠ বন্ধুরা।
ঘটনার সূত্রপাত সম্প্রতি সামাজিক যোগাযোগ
মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পাপারাজ্জি পেজের ভিডিওকে কেন্দ্র করে। মুম্বাইয়ের একটি নামী
রেস্তোরাঁ থেকে বান্ধবী অনুষা দান্ডেকরের সঙ্গে বের হতে দেখা যায় মৌনী রায়কে। এর কিছুক্ষণ
পরই একই রেস্তোরাঁ থেকে বের হন অর্জুন বিজলানি। সাধারণ এই ঘটনাটিকে ক্যামেরাবন্দি করে
নেটপাড়ায় চটকদার ক্যাপশনে ছড়ানো হয়—‘বিচ্ছেদের পর কি গোপনে প্রেম করছেন অর্জুন ও মৌনী?’ ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ
লাইক আর ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় নেমে এই সম্পর্ককে প্রেমের তকমা দিতে শুরু করেন।
গুঞ্জন ছড়াতেই প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন
অর্জুন বিজলানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও সস্তা মানসিকতা
বলে দাবি করে তিনি বলেন, ১৫ বছরের পুরনো গভীর বন্ধুত্ব কখনো হুট করে প্রেমে বদলে যায়
না। চটকদার ও বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে কারও ইমেজ নষ্ট করার এই প্রবণতা সত্যিই হতাশাজনক।
শুধু লাইক আর ভিউজ বাড়ানোর জন্য যেন কেউ এমন নোংরামি না করে। একজন নারী ও পুরুষের সম্পর্ক
মানেই যে প্রেম নয়, তার বাইরেও নিঃস্বার্থ বন্ধুত্ব থাকতে পারে—সেটাই কঠোর ভাষায় বুঝিয়ে
দেন এই অভিনেতা।
মৌনী এবং অর্জুনের বন্ধুত্ব দীর্ঘ দেড়
দশকের। প্রযোজক একতা কাপুরের সুপারহিট ধারাবাহিক ‘নাগিন’-এ একসঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয়
করার সময় থেকেই এই বন্ধুত্বের সূত্রপাত। দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত ও পেশাগত—উভয় ক্ষেত্রেই
একে অপরের সুখ-দুঃখে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তারা। এমনকি অর্জুনের স্ত্রী নেহা বিজলানির
সঙ্গেও মৌনীর চমৎকার পারিবারিক ও মধুর সম্পর্ক রয়েছে। এর আগে অভিনেত্রী দিশা পটানীর
সঙ্গেও গভীর বন্ধুত্ব নিয়ে আলোচনায় এসেছিলেন মৌনী।
বাংলাদেশের খবর/এম.আর

