আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে লিওনেল মেসির অবিশ্বাস্য ফুটবল জাদু দেখে এখনও ঘোর কাটেনি ক্রীড়াবিশ্বের। ৩৯ বছর বয়সে এসেও যেভাবে তিনি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুললেন, তাতে সাধারণ ফুটবলপ্রেমীদের পাশাপাশি মুগ্ধ হয়েছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মেসি ও তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে উদ্দেশ্য করে এক আবেগঘন বার্তা দিয়েছেন এই ল্যাটিন গায়িকা।
শাকিরা তার ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির
একটি ছবি পোস্ট করে লেখেন, লিওনেল মেসি যা করছেন, তা অসাধারণের চেয়েও বেশি কিছু! এটি
এমন একজন মানুষের মূল্যবোধকে প্রদর্শন করে যিনি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ও সুশৃঙ্খল,
যিনি সময় এবং সমস্ত প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করছেন। মেসি প্রমাণ করছেন যে, একজন মানুষের
যোগ্যতা তাঁর বয়স বা অন্যরা কী বলে তা দিয়ে নির্ধারিত হয় না। বিশ্বখ্যাত এই গায়িকা
কেবল মেসির প্রশংসাই করেননি, মেসির এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে তার স্ত্রী আন্তোনেলা
রোকুজ্জোর অবদানের কথাও উল্লেখ করেছেন। শাকিরা তার পোস্টে আরও যোগ করেন, আমি নিশ্চিত
যে, পাশে আন্তোনেলার মতো একজন নারী থাকাটাই মেসিকে সব বাধা পেরিয়ে নিজেকে প্রমাণ করার
শক্তি এবং অনুপ্রেরণা জোগায়!
উল্লেখ্য, মেসি ও আন্তোনেলার পরিচয় আর্জেন্টিনার
রোজারিও শহরে শৈশবকাল থেকে। সেমিফাইনালে আর্জেন্টিনার এই মহাকাব্যিক জয়ের পর গ্যালারিতে
থাকা আন্তোনেলাও নিজের আবেগ ধরে রাখতে পারেননি। স্বামীর হাঁটু গেড়ে বসা উদযাপনের একটি
ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লিখেছেন, কী দারুণ এক গর্ব! তোমাকে অনেক ভালোবাসি
লিও। চলমান ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল থিম সং “ডাই ডাই” গেয়েছেন শাকিরা নিজেই। আগামী
রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার মেগা ফাইনালের
বহুল প্রতীক্ষিত ‘হাফটাইম শো’-তে ম্যাডোনা এবং জাস্টিন বিবারের সাথে মঞ্চ কাঁপাবেন এই
কলম্বিয়ান তারকা।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মেসির
জোড়া অ্যাসিস্টের ওপর ভর করেই ২-১ গোলের অবিশ্বাস্য জয় পায় আলবিসেলেস্তেরা। ৮৫ মিনিটে
মেসির পাস থেকে এনজো ফার্নান্দেজ গোল করে সমতা ফেরান এবং ইনজুরি টাইমে মেসির নিখুঁত
ক্রস থেকে লিসান্দ্রো মার্টিনেজের দুর্দান্ত হেড আর্জেন্টিনাকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
কিলিয়ান এমবাপ্পের সাথে যৌথভাবে ৮ গোল নিয়ে বর্তমানে গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষে আছেন
মেসি। ২০৩০ সালের পরবর্তী বিশ্বকাপে মেসির বয়স হবে ৪৩ বছর এবং মার্কিন ক্লাব ইন্টার
মায়ামির সাথে তাঁর চুক্তি রয়েছে ২০২৮ সাল পর্যন্ত। রোববারের ফাইনালটিই মেসির শেষ বিশ্বকাপ
ম্যাচ কি না তা নিশ্চিত না হলেও, শাকিরার মতো কোটি ভক্ত এখন মেসির হাতে টানা দ্বিতীয়বারের
মতো সোনালী ট্রফি দেখার অপেক্ষায় প্রহর গুনছেন।
বাংলাদেশের খবর/এম.আর

