Logo

বিনোদন

সবচেয়ে বড় প্রয়োজন দায়িত্ববোধ ও সচেতনতা: স্পর্শিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২১:১০

সবচেয়ে বড় প্রয়োজন দায়িত্ববোধ ও সচেতনতা: স্পর্শিয়া

দেশের চলমান বন্যা পরিস্থিতির ধীর অবসান ঘটলেও দুর্গত এলাকাগুলোতে রেখে যাচ্ছে দীর্ঘমেয়াদি ও গভীর ক্ষত। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে এখন দুর্গতদের মাঝে মাথাচাড়া দিয়ে উঠছে নতুন এক নীরব সংকট। আর এই কঠিন সময়ে বানভাসি মানুষ ও অবোলা প্রাণীদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল, সচেতন ও সহমর্মী হওয়ার অনুরোধ জানিয়েছেন।

বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অর্চিতা স্পর্শিয়া তার পোস্টে লিখেছেন, বন্যার পানি একসময় সরে যায়। কিন্তু যে ক্ষত রেখে যায়, সেটি শুকাতে অনেক সময় লাগে। পানি নেমে যাওয়ার পরই শুরু হয় আরেকটি নীরব সংকট। বন্যা পরবর্তী সময়ে দূষিত পানির কারণে এলাকাগুলোতে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, জন্ডিস, জ্বর ও চর্মরোগসহ নানা ধরনের পানিবাহিত সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে। এই স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় স্পর্শিয়া দুর্গতদের পরামর্শ দিয়ে বলেন, এখন থেকেই সবাই বিশুদ্ধ পানি পান করুন, খাবার ভালোভাবে ঢেকে ও সংরক্ষণ করুন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং আপনার আশপাশের মানুষকেও এই বিষয়ে সচেতন করুন।

দুর্যোগের এই পরবর্তী সময়ে সমাজে যারা সবচেয়ে বেশি স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, তাদের প্রতি বিশেষ মানবিক নজর দেওয়ার তাগিদ দিয়েছেন এই অভিনেত্রী। স্পর্শিয়া বলেন, আমাদের সবচেয়ে অসহায় মানুষগুলোর দিকে একটু বেশি নজর দিন। ঘরের বৃদ্ধ সদস্য, গর্ভবতী মা, ছোট্ট শিশু এবং আগে থেকেই যারা অসুস্থ মানুষ—তাদের জন্য এই বন্যা-পরবর্তী দুর্যোগের দিনগুলো অনেক বেশি কঠিন ও কষ্টদায়ক। ত্রাণ কার্যক্রমেও এই সংবেদনশীল গোষ্ঠীগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা স্মরণ করিয়ে দেন তিনি।

মানুষের পাশাপাশি বন্যার কবলে পড়া গৃহপালিত ও পথের আশ্রয়হীন অবোলা প্রাণীগুলোর অবর্ণনীয় কষ্টের কথা সবাইকে মনে করিয়ে দিয়েছেন স্পর্শিয়া। তিনি অত্যন্ত সহমর্মিতার সাথে বলেন, একটি কথা আমরা অনেক সময় ভুলে যাই। আমাদের গৃহপালিত প্রাণী আর পথের অবোলা প্রাণীগুলোরও কিন্তু পৃথিবীতে বাঁচার অধিকার আছে। ওরাও আমাদের মতো বন্যা দেখে ভয় পায়, ওরাও ক্ষুধার্ত হয়, ওরাও মাথা গোঁজার একটু শুকনো আশ্রয় খোঁজে। সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি আপনার সামর্থ্য থাকে, তবে একটি প্রাণীর জন্য একটু শুকনো জায়গা আর একবেলা খাবারের ব্যবস্থা করুন। আপনার ছোট্ট এই মানবিকতাই হয়তো একটি অবোলা প্রাণ বাঁচিয়ে দিতে পারে।

পোস্টের শেষাংশে স্পর্শিয়া এক গভীর সামাজিক ও জাতীয় বার্তা দিয়েছেন। তিনি মনে করেন, দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য কেবল আর্থিক সাহায্যই শেষ কথা নয়। স্পর্শিয়ার ভাষায়, এই দুর্যোগে সবচেয়ে বড় প্রয়োজন শুধু অর্থ নয়; প্রয়োজন আমাদের ব্যক্তিগত দায়িত্ববোধ, সচেতনতা আর একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা। কারণ একটি শক্তিশালী দেশ শুধু বড় বড় দালানকোঠা বা স্থাপনা দিয়ে তৈরি হয় না; দেশ তৈরি হয় এমন কিছু সংবেদনশীল মানুষ দিয়ে, যারা সংকটের সময় নিঃস্বার্থভাবে অন্যের হাত ধরে।

 

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন