Logo

বিনোদন

ইরানে হামলার ভিডিওতে ‘ফায়ারওয়ার্ক’ গান ব্যবহার

হোয়াইট হাউসের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন কেটি পেরি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৬:০৩

হোয়াইট হাউসের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন কেটি পেরি

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। ইরানে সামরিক হামলার ভিডিওতে তার জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’ ব্যবহার করায় তীব্র আপত্তি জানিয়েছেন তিনি। 

কেটির দাবি, গানটি ব্যবহারের জন্য তার অনুমতি নেওয়া হয়নি এবং তিনি তা কোনোভাবেই সমর্থন করেন না।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটিতে ইরানে সামরিক হামলার দৃশ্য দেখানো হয়। পটভূমিতে বাজছিল কেটি পেরির ২০১০ সালের জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’। গানের ‘বুম, বুম, বুম’ অংশটি বিস্ফোরণের দৃশ্যের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘ইরানকে সতর্ক করা হয়েছে।’

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিবৃতি দেন কেটি পেরি। তিনি লেখেন, হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে সামরিক হামলার ভিডিওতে ‘ফায়ারওয়ার্ক’ গানটি ব্যবহৃত হতে দেখে আমি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। এ ব্যবহারের জন্য আমার অনুমতি নেওয়া হয়নি, আমাকে কিছুই জানানো হয়নি এবং আমি এর কোনোভাবেই সমর্থন করি না।

কেটি আরও বলেন, আমি এই গান লিখেছিলাম মানুষের জীবনের কঠিন সময়ে আশা, আত্মবিশ্বাস ও মানসিক শক্তির প্রতীক হিসেবে। সেই বার্তাবাহী গানকে ধ্বংস ও সহিংসতার পটভূমি হিসেবে ব্যবহার করা আমার গানের মূল চেতনার সম্পূর্ণ লঙ্ঘন। আমার গান মানুষকে একত্র করার জন্য, যুদ্ধ উদ্যাপনের জন্য নয়।

প্রতিবেদন অনুযায়ী, ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউস ভিডিওটি প্রকাশ করে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একদিকে কূটনৈতিক আলোচনার কথা বলছে, অন্যদিকে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র, নৌ ও পারমাণবিক স্থাপনা-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।

কেটি পেরিই প্রথম শিল্পী নন, যিনি রাজনৈতিক প্রচার বা সরকারি ভিডিওতে নিজের গান ব্যবহারের প্রতিবাদ করেছেন। গত জুনে গায়িকা আরিয়ানা গ্রান্দেও অভিবাসন অভিযান-সংক্রান্ত হোয়াইট হাউসের একটি টিকটক ভিডিওতে তার ‘বাই’ গান ব্যবহারের সমালোচনা করেন। এর আগে সাবরিনা কার্পেন্টার, অলিভিয়া রদ্রিগো, সেলিন ডিওন, নিল ইয়ং এবং দ্য রোলিং স্টোনসও ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা বা ভিডিওতে তাদের গান ব্যবহারের বিরোধিতা করেছেন।

কেটির বিবৃতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার অবস্থানকে সমর্থন করেছেন। আবার কেউ মনে করিয়ে দিয়েছেন, তিনি আগেই নিজের সংগীতের স্বত্বের একটি বড় অংশ লিটমাস মিউজিকের কাছে বিক্রি করেছেন এবং তার গান টিকটকের সঙ্গে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের লাইসেন্স চুক্তির আওতায় রয়েছে। অন্যদিকে অনেক ভক্তের পরামর্শ, অনুমতি ছাড়া গান ব্যবহার হয়ে থাকলে আইনি পদক্ষেপ নেওয়া উচিত।

এদিকে কেটি তার নতুন কনসার্ট চলচ্চিত্র ‘দ্য লাইফটাইম ট্যুর ফ্রম প্যারিস’–এর ঘোষণাও দিয়েছেন। প্যারিসে অনুষ্ঠিত তার ‘লাইফটাইমস ট্যুর’-এর একটি শো নিয়ে নির্মিত এই কনসার্ট ফিল্ম শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন