ব্যক্তিজীবন কিংবা মনের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে সচরাচর প্রকাশ করেন না জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে মাঝেমধ্যেই তার পোস্ট করা রহস্যময় কিংবা আবেগঘন বার্তা ভক্তদের মাঝে তৈরি করে গভীর কৌতুহল। সম্প্রতি নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি নজরকাড়া ছবি প্রকাশ করে আবারও নতুন আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।
প্রকাশিত ছবিগুলোতে সফট প্যাস্টেল রঙের
পোশাক, মিনিমাল মেকআপ ও গ্রেসফুল এথনিক লুকে ধরা দিয়েছেন প্রভা। খোলা চুলে হালকা গোলাপি
ও সাদা রঙের সালোয়ার-কামিজে তার এমন স্নিগ্ধ ও নান্দনিক উপস্থিতি যেমন প্রশংসিত হচ্ছে,
তেমনই ক্যাপশনে লেখা আবেগঘন বার্তা তৈরি করেছে রহস্য। ছবিগুলোর সঙ্গে তিনি লিখেছেন,
তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি। আবার দেখা হবে—সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।
এই বার্তাটি ঠিক কাকে উদ্দেশ্য করে লেখা,
তা স্পষ্ট করেননি প্রভা। ফলে পোস্টের পর থেকেই নেটিজেন ও ভক্তদের মনে জল্পনা-কল্পনা
তুঙ্গে। অনেকেই ধারণা করছেন, এটি প্রভার কোনো প্রিয় মানুষ বা পুরনো অনুভূতির স্মরণে
লেখা। তবে এ বিষয়ে প্রভার দিক থেকে সরাসরি কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমের
এই আলোচনার মাঝেই অভিনয়ে নিয়মিত ব্যস্ত সময় পার করছেন প্রভা। ফয়েজ আহমেদ রেজার পরিচালনায়
‘লুক আ লাইক’ নামের একটি ফিকশনে
অভিনয় করেছেন তিনি, যা জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’তে মুক্তি পাওয়ার
কথা রয়েছে।
তবে নাটকটির মুক্তি কেন্দ্র করে সম্প্রতি
এক বিতর্কেরও সৃষ্টি হয়েছে। ‘বঙ্গ’ প্ল্যাটফর্ম
থেকে ফিকশনটির প্রচারণায় প্রভার অনুমতি ছাড়াই তার ব্যক্তিগত ইনস্টাগ্রামের একটি ছবি
ব্যবহার করে নতুন পোস্টার প্রকাশ করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ
প্রকাশ করেন অভিনেত্রী। প্রভা স্পষ্ট জানিয়ে দেন, কোনো শিল্পীর ব্যক্তিগত ছবি সম্মতি
ছাড়া প্রচারণার কাজে ব্যবহার করা পেশাদার আচরণের মধ্যে পড়ে না। প্রভার এমন সমালোচনার
পর বিষয়টি আমলে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘বঙ্গ’ এবং দ্রুত পোস্টারটি
সরিয়ে নাটকের দৃশ্যসংবলিত নতুন পোস্টার যুক্ত করে। ব্যক্তিজীবনের ছোট ছোট অনুভূতি
আর অভিনয় প্রজেক্ট—সব মিলিয়ে নতুন করে ভক্তদের আলোচনায় কেন্দ্রবিন্দুতে
জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।
বাংলাদেশের খবর/ এম.আর

