বক্স অফিসে স্পাইডারম্যানের ঝড়
সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস টম হল্যান্ডের!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ২১:০৭
বিশ্বজুড়ে হলিউডের বক্স অফিসে আবার দেখা মিলল স্পাইডার-ম্যান ঝড়। মুক্তি পাওয়ার আগেই রেকর্ড ভাঙার খেলায় মেতে উঠেছে সনি পিকচার্স ও মার্ভেল স্টুডিওসের বহুল প্রতীক্ষিত সুপারহিরো ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।
ডেডলাইনের আন্তর্জাতিক বক্স অফিস সূত্রের
খবর অনুযায়ী, মুক্তির প্রথম বৃহস্পতিবার রাতের প্রিভিউ প্রদর্শনীতেই ২০২১ সালের ব্লকবাস্টার
ছবি ‘স্পাইডার-ম্যান:
নো ওয়ে হোম’-এর রেকর্ড ভেঙে
গুঁড়িয়ে দিয়েছে টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত ২২৫ মিলিয়ন ডলার বাজেটের এই নতুন সিক্যুয়েলটি।
বৃহস্পতিবার দুপুরে শুরু হওয়া স্পেশাল
প্রিভিউ শো এবং আগের দিনের প্রাইম ভিডিও মেম্বারদের বিশেষ প্রদর্শনী মিলিয়ে ছবিটির
আয় ইতোমধ্যেই ৫০ মিলিয়ন (৫ কোটি) ডলার অতিক্রম করেছে। এর মাধ্যমে উত্তর আমেরিকার বক্স
অফিস ইতিহাসে সর্বকালের তৃতীয় সেরা প্রিভিউ আয়ের রেকর্ড এখন ‘ব্র্যান্ড নিউ
ডে’-র দখলে। এর আগে
২০২১ সালে ‘নো ওয়ে হোম’ প্রিভিউতে আয় করেছিল ৫০ মিলিয়ন ডলার।
তালিকায় সর্বকালের সেরা প্রিভিউ আয়ের শীর্ষে
রয়েছে ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (৬০ মিলিয়ন ডলার)
এবং ২০১৫ সালের ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ (৫৭ মিলিয়ন ডলার)।
কোনো কোনো বক্স অফিস অ্যানালিস্টের ধারণা, চূড়ান্ত হিসাব শেষে এটি ‘এন্ডগেম’-এর রেকর্ডকেও
ছুঁয়ে ফেলতে পারে।
টম হল্যান্ডের এই চতুর্থ একক স্পাইডার-ম্যান
সিনেমাটিকে ঘিরে দর্শকদের উন্মাদের কারণ হিসেবে কাজ করেছে এর বিশাল প্রচার-প্রচারণা
ও অগ্রিম টিকিট বিক্রি। ছবিটির মুক্তিকে কেন্দ্র করে প্রায় ৩০৯ মিলিয়ন ডলারের বিশাল
প্রোমোশনাল পার্টনার ক্যাম্পেইন চালানো হয়েছে, যা হলিউডের ইতিহাসে নতুন রেকর্ড। ছবিটির
প্রিভিউ শুরুর আগেই বিশ্বজুড়ে প্রায় ৮০ মিলিয়ন ডলারের অগ্রিম টিকিট বিক্রি হয়ে যায়।
ডেসটিন ড্যানিয়েল ক্রিটন পরিচালিত এই সিক্যুয়েলটি এমনকি আইম্যাক্স স্কিন ছাড়া এবং
করোনা মহামারী-পরবর্তী সময়ে সবচেয়ে বড় ওপেনিং প্রিভিউ আয়ের অনন্য রেকর্ড গড়েছে, যা
আগে ‘ডেডপুল অ্যান্ড
উলভারিন’-এর (৩৮.৫ মিলিয়ন)
দখলে ছিল।
শুধু বাণিজ্যিকভাবেই নয়, সমালোচক ও সাধারণ
দর্শকের মন জয়েও বাজিমাত করেছে সিনেমাটি। রিভিউ অ্যাগ্রিগেটর সাইট ‘রোটেন টম্যাটোস’-এ এ যাবৎকালের
৯টি লাইভ-অ্যাকশন স্পাইডার-ম্যান সিনেমার মধ্যে ‘ব্র্যান্ড নিউ
ডে’ অর্জন করেছে
সর্বোচ্চ ৯৮ শতাংশ অডিয়েন্স স্কোর! পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও এটি পেয়েছে ৯০ শতাংশ
‘সার্টিফাইড ফ্রেশ’ রেটিং।
ট্রেড অ্যানালিস্ট ও প্রদর্শকরা ধারণা
করছেন, বক্স অফিসে প্রথম সপ্তাহান্তেই (৩ দিনে) ছবিটির আয় ২৬০ মিলিয়ন থেকে শুরু করে
অবিশ্বাস্য ৩০০ মিলিয়ন ডলারে গিয়ে ঠেকতে পারে। সব মিলিয়ে, প্রেক্ষাগৃহে স্পাইডার-ম্যানের
ঝুলিতে এখন নতুন ইতিহাস গড়ার জোয়ার বইছে।
বাংলাদেশের খবর/ এম.আর

