দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও খ্যাতনামা প্রযোজক-পরিচালক রাজ নিদিমোরুর ঘরে আসছে নতুন অতিথি। এই তারকা দম্পতির কোল আলো করে আসতে যাচ্ছে তাদের প্রথম সন্তান। এনডিটিভি-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছে তাদের ঘনিষ্ঠ একাধিক সূত্র।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সামান্থার নতুন
ছবি ‘মা ইন্তি বাংগারাম’-এর সাফল্য উদযাপন
অনুষ্ঠানে স্বামী রাজের সাথে উপস্থিত ছিলেন সামান্থা। সেখান থেকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে
প্রথমাংশের স্পষ্ট ‘বেবি বাম্প’(গর্ভবতী অবয়ব)
নজর কাড়ে অনুরাগীদের। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং
তা ঘিরে শুরু হয় মা হওয়ার জোর গুঞ্জন, যার চূড়ান্ত সত্যতা এখন উঠে এসেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরে
আধ্যাত্মিক গুরু সাধগুরুর 'ইশা ফাউন্ডেশন'-এ এক ঘরোয়া ও আড়ম্বরহীন আয়োজনের মাধ্যমে
বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা ও রাজ নিদিমোরু। বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম
ইনস্টাগ্রামে সেই বিশেষ মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী।
এর আগে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি
ম্যান ২’-এ প্রথম একসঙ্গে
কাজ করেছিলেন এই জুটি। পরে ওয়ার্ল্ড পিকলবল লিগে রাজের সঙ্গে সামান্থার উপস্থিতি তাদের
প্রেমের গুঞ্জনকে আরও উসকে দিয়েছিল। কাজের ক্ষেত্রেও দুজনের বোঝাপড়া বেশ চমৎকার। বিয়ের
আগে এক সাক্ষাৎকারে রাজের একটি ভিডিও বার্তায় সামান্থার লজ্জা রাঙা প্রতিক্রিয়া বেশ
নজর কেড়েছিল ভক্তদের। রাজ সেদিন তামিল ও তেলেগু ভাষায় সামান্থার অসাধারণ কাজের দক্ষতার
ভূয়সী প্রশংসা করেছিলেন।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘মা ইন্তি বাংগারাম’ সিনেমাটিতে আবারও
একসঙ্গে কাজ করেছেন এই জুটি। নন্দিনী রেড্ডি পরিচালিত ফ্যামিলি অ্যাকশন-কমেডি ঘরানার
এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রাজ নিদিমোরু ও বসন্ত মারিংগান্তি। ২০১৯ সালের ব্লকবাস্টার
হিট ‘ওহ! বেবি’-র পর নন্দিনী
ও সামান্থার এটি দ্বিতীয় প্রজেক্ট। এতে সামান্থার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়
করেছেন গুলশান দেবায়া, দিগন্ত মাঞ্চালে এবং গৌতমি তাডিমাল্লা। নতুন সিনেমার সাফল্য
আর জীবনের নতুন অধ্যায়ের শুভসূচনা—দুই মিলিয়ে দারুণ আনন্দের সময় পার করছেন
এই তারকা দম্পতি।
বাংলাদেশের খবর/ এম.আর

