Logo

বিনোদন

দীর্ঘদিন পর স্বপন আহমেদের চলচ্চিত্রে তানভীর তারেক

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১৮:০৪

দীর্ঘদিন পর স্বপন আহমেদের চলচ্চিত্রে তানভীর তারেক

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর আবারও স্বপন আহমেদের চলচ্চিত্রে তানভীর তারেক সঙ্গীত পরিচালনার কাজ করছেন। সর্বশেষ এই জুটি’র প্রায় ১০ বছর আগে কাজ হয়েছিল। স্বপন আহমেদের পরিচালনায় ‘পরবাসিনী’ চলচ্চিত্রের টাইটেল গানসহ মিউজিক করেছিলেন তানভীর তারেক। 

এরপর নির্মাতা স্বপন আহমেদ ফ্রান্সে চলে যান। এবারে ফরাসি ফিল্ম সোসাইটি অর্থায়ন ও যৌথভাবে বাংলাদেশের প্রযোজনায় নতুন ছবির কাজ শুরু করেছেন। চলচ্চিত্রের নাম ‘দ্যা অরেঞ্জ’। ছবিটির বাংলা টাইটেল ‘পথের বন্ধু’। ছবিটির অধিকাংশ দৃশ্য ধারণ করা হবে ফ্রান্সের বিভিন্ন লোকেশনে। সম্প্রতি ছবিটির একমাত্র গান ‘তোমার কী মনে আছে’র রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি যুক্তরাষ্ট্রের তানভীর তারেকের ‘কোলাহল’ স্টুডিওতে ধারণ করা হয়েছে। 

ছবিটির আবহসঙ্গীত ও গান নির্মাণ প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘স্বপন ভাই বরাবরই বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে নিরীক্ষাধর্মী কাজ করতে পছন্দ করেন। তার সর্বশেষ ছবিটিও বাংলাদেশের প্রথম সাই-ফাই মুভি ছিল। এই ছবিটার গল্প নিয়ে আমরা দীর্ঘদিন আলাপ করি। আমি যুক্তরাষ্ট্রে, স্বপন আহমেদ ফ্রান্সে। এভাবেই আলাপ চলে। ছবিটি এক প্রবাসী বাবার ফ্রান্সে এসে লাপাত্তা হয়ে যাওয়া এবং দীর্ঘ অনেকবছর পর তার মেয়ের বাবাকে খুঁজে ফেরার গল্প এটি। পুরো একটি জার্নির ভেতরে দৃশ্য বর্ণনা। ছবিটির স্ক্রিপ্ট এরই ভেতরে বেশ কটি ফেস্টিভ্যালের জন্য মনোনয়ন পেয়েছে। প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ক্লাবে। এটা আমার ক্যারিয়ারের ১৪তম মুভির কাজ। অন্যতম একটি কাজ হতে চলেছে। আশা করি কাজটি সকলের ভালো লাগবে।’

নির্মাতা স্বপন আহমেদ বলেন, আমরা একটি গল্প বলার চেষ্টা করছি দীর্ঘদিন ধরে। এটি বাংলাদেশি দর্শক ও ডায়াসপোরাকে দারুনভাবে কানেক্ট করবে। তানভীর ভাইয়ের সঙ্গে এই কাজটি নিয়ে অনেকদিন ধরে আমরা আলাপ করছি। অবশেষে কাজটি শুরু হলো। ছবিটির অধিকাংশই ফরাসি কাস্ট অ্যান্ড ক্রু। বাংলাদেশ থেকে দু’জন অভিনেতা সংযুক্ত হবে, তেমনই প্ল্যান করছি আমরা। ছবিটি ২০২৭ এ বিভিন্ন ফেস্টিভ্যাল হয়ে তবেই থিয়েটার রিলিজ  করা হবে।’

ছবিটির বিশ্ব পরিবেশক হিসেবে থাকছে বায়োস্কপ ফিল্মস।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন