Logo

বিনোদন

অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে পরিচালক গ্রেপ্তার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৬:০৪

অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে পরিচালক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলিউডের পরিচালক শাকিল নূরানী। ৭৩ বছর বয়সি এই নির্মাতা ‘বড়ে দিল ওয়ালা’ ও ‘জোরু কা গুলাম’-এর মতো সিনেমা পরিচালনা করেছেন।

শনিবার (৮ আগস্ট) ভোরে ভারতের মুম্বাইয়ের মালবানি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

৩৩ বছর বয়সি এক অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে শাকিল নূরানীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(২)(এম), ১২৩, ৩৫১(২) ও ৮৮ ধারায় মামলা করা হয়েছে।

এফআইআরে অভিযোগকারি জানিয়েছেন, ২০১৬ সালে লোখন্ডওয়ালায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম নূরানীর সঙ্গে তার পরিচয় হয়। সেসময় পরিচালক তাকে নিজের একটি আসন্ন সিনেমার বিষয়ে জানান এবং কাজের জন্য যোগাযোগ করতে বলেন।

পরে একটি চিত্রনাট্য পড়ার জন্য মালবানিতে নূরানীর বাড়িতে গিয়েছিলেন ওই অভিনেত্রী। তার অভিযোগ, সেখানে পরিচালক তাকে একটি পানীয় দেন। সেই পানীয়ে মাদক মেশানো ছিল বলে দাবি তার। পানীয়টি খাওয়ার পরই তিনি অচেতন হয়ে পড়েন বলে এফআইআরে উল্লেখ করেছেন।

তার দাবি, জ্ঞান ফেরার পর নূরানী তার মোবাইলে একটি ভিডিও দেখান। পাশাপাশি বিষয়টি পুলিশ বা পরিবারের সদস্যদের জানালে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

এরপর ওই ভিডিওকে হাতিয়ার করে তাকে ভয় দেখানো এবং একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর। এমনকি যৌন সম্পর্কের পর পরিচালক তাকে বারবার গর্ভনিরোধক ওষুধ খেতে বাধ্য করতেন বলেও দাবি করেছেন তিনি।

তবে শাকিল নূরানীর আইনজীবী বিকাশ সিং গোর সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, পরিচালককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আদালতে এখনও অভিযোগগুলোর সত্যতা প্রমাণিত হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

আইনজীবীর বক্তব্য, পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত নূরানীকে নির্দোষ হিসেবেই গণ্য করতে হবে।

অন্যদিকে, তদন্তের স্বার্থে নূরানীকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। অভিযোগে উল্লেখ করা নির্দিষ্ট ভিডিওটি উদ্ধার ও পরীক্ষা করা, সেটির সত্যতা যাচাই এবং একই ধরনের আরও কোনো ঘটনা ঘটেছিল কিনা, তা খতিয়ে দেখতে তার হেফাজত প্রয়োজন বলে জানানো হয়।

পরে নূরানীকে বোরিভেলি হলিডে কোর্টে হাজির করা হলে আদালত তাকে ১২ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। অভিযোগের তদন্ত এখনো চলছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন