Logo

বিনোদন

মোটা অঙ্কের পারিশ্রমিকে অনিহা

প্রযোজক হতে চান শ্রদ্ধা কাপুর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৫:৫৬

প্রযোজক হতে চান শ্রদ্ধা কাপুর

ছবি: সংগৃহীত

বলিউডে তারকাদের পারিশ্রমিক নেওয়ার প্রচলিত রীতি বদলাচ্ছে। সিনেমায় অভিনয়ের বিনিময়ে এককালীন মোটা অঙ্কের পারিশ্রমিক নেওয়ার পরিবর্তে অনেক তারকাই এখন সিনেমার লাভ, স্বত্বাধিকার ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অংশীদার হচ্ছেন।

এবার সেই পথেই হাঁটার ইঙ্গিত দিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত উদ্যোক্তা অশনীর গ্রোভারের জীবন নিয়ে নির্মিতব্য বায়োপিকে তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে শ্রদ্ধার। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে থাকছেন রাহুল মোদী।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে অভিনয়ের জন্য শ্রদ্ধাকে প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে সর্বশেষ খবর বলছে, এককালীন সেই বিশাল অঙ্কের পারিশ্রমিক নেওয়ার পরিবর্তে সিনেমাটির অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার কথা ভাবছেন অভিনেত্রী।

এ ক্ষেত্রে শুরুতে নির্দিষ্ট কোনো পারিশ্রমিক নাও নিতে পারেন শ্রদ্ধা। পরিবর্তে সিনেমার স্বত্ব, ওটিটি বিক্রি এবং বক্স অফিস থেকে অর্জিত লাভের একটি নির্দিষ্ট অংশ পাওয়ার সুযোগ থাকবে তার। সিনেমাটি ব্যবসাসফল হলে এই মডেলে শ্রদ্ধার আয় প্রস্তাবিত ২০ কোটি রুপির চেয়েও বেশি হতে পারে।

বলিউডে অবশ্য এই ধরনের ব্যবসায়িক মডেল একেবারে নতুন নয়। সম্প্রতি অক্ষয় কুমারও এমন কাঠামো থেকে লাভবান হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। 

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় তুলনামূলক কম পারিশ্রমিক নিয়ে সিনেমাটির বড় একটি অংশের স্বত্ব নিজের ও তার প্রযোজনা প্রতিষ্ঠানের নামে রেখেছিলেন তিনি। সিনেমাটি সফল হওয়ার পর লাভের অংশ হিসেবে তার আয় ৩৫ কোটি রুপির বেশি হয়েছে বলে জানা যায়।

শুধু অক্ষয় নন, শাহরুখ খান, আমির খান, সালমান খান, অজয় দেবগন ও রণবীর সিংয়ের মতো শীর্ষ তারকারাও বর্তমানে শুধু পারিশ্রমিকের ওপর নির্ভর না করে সিনেমার লাভের অংশীদার হওয়ার মডেলে ঝুঁকছেন।

এতে সিনেমা সফল হলে তারকাদের আয়ের পরিমাণও বহুগুণ বাড়ার সুযোগ থাকে।

এদিকে শ্রদ্ধা কাপুর বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘ইথা’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। জানা গেছে, এই সিনেমার জন্য তিনি ১২ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন।

তবে অশনীর গ্রোভারের বায়োপিকের ক্ষেত্রে শ্রদ্ধা শেষ পর্যন্ত ২০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন, নাকি প্রযোজক হিসেবে যুক্ত হয়ে সিনেমার লাভের অংশীদার হবেন— এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে অভিনেত্রীর চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন ভক্তরা।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন