Logo

বিনোদন

ইউটিউবে ৩০ লাখের মাইলফলক স্পর্শ করলেন মনির খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৫:২৭

ইউটিউবে ৩০ লাখের মাইলফলক স্পর্শ করলেন মনির খান

কণ্ঠশিল্পী মনির খান

দেশিয় সংগীতাঙ্গনে নতুন মাইলফলক স্পর্শ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। দেশের সংগীতশিল্পীদের মধ্যে প্রথমবারের মতো এককভাবে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড গড়েছেন তিনি। দীর্ঘ তিন দশকের সংগীতজীবনের এই সাফল্য উদযাপন করা হয়েছে রাজধানীতে এক জমকালো আয়োজনে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে মনির খানের এই অর্জন উদযাপন করা হয়।

‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে সিএলএপি মিউজিক পাবলিশিং ও পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংগীতশিল্পী মিলন মাহমুদ, খুরশিদ আলম, সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান, গীতিকবি রফিকুজ্জামানসহ সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

নিজের ইউটিউব চ্যানেলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে মনির খান বলেন, প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে ইউটিউবে এই ত্রিশ লাখ সাবস্ক্রাইবার হওয়ার পেছনে আমার অগণিত শ্রোতা ও ভক্তদের অবদান অনস্বীকার্য।

তিনি বলেন, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, বাদ্যযন্ত্রী থেকে শুরু করে ভিডিও নির্মাণ ও চ্যানেলের কারিগরি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত প্রত্যেকের সহযোগিতায় আজকের এই অবস্থানে পৌঁছেছেন তিনি। এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও জানান জনপ্রিয় এই শিল্পী।

মনির খান আরও বলেন, এই অর্জনে তিনি এতটাই আনন্দিত ও উদ্বেলিত যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। সবসময় দর্শক-শ্রোতাদের সুস্থ ধারার সুন্দর ও সাবলীল বাংলা গান উপহার দেওয়ার চেষ্টা করেছেন তিনি। চলচ্চিত্রের গান কিংবা একক মিউজিক ভিডিও- সব ক্ষেত্রেই শ্রোতাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে কাজ করেছেন।

তিনি বলেন, জানি না কতটুকু পেরেছি। কিন্তু এতটুকু বুঝতে পারি, সবাই আমাকে সাদরে গ্রহণ করে নিয়েছে বলেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে।

তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ শিল্পী বলেন, তার এই সাফল্যের পেছনে শ্রোতা-ভক্তদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও তাদের ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি। যতদিন কণ্ঠে গান তুলে ধরতে পারবেন, ততদিন শ্রোতাদের ভালো গান উপহার দেওয়ার জন্য সবার কাছে দোয়া চান মনির খান।

অনুষ্ঠানে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীতাঙ্গনের সংশ্লিষ্টদের মেধাস্বত্ব ও কপিরাইট নিয়েও আলোচনা হয়। বক্তারা সংগীত সৃষ্টির সঙ্গে জড়িত শিল্পী ও কলাকুশলীদের মেধাস্বত্ব সংরক্ষণে কপিরাইটের গুরুত্ব এবং এ বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরে আগত অতিথিদের জন্য আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ জুন ইউটিউবে যাত্রা শুরু করে ‘মনির খান’ অফিশিয়াল ইউটিউব চ্যানেল। ওই বছরের ১৪ জুন চ্যানেলটিতে প্রথম ভিডিও আপলোড করা হয়। এরপর নিজের দীর্ঘ সংগীতজীবনে গাওয়া পুরোনো গান এবং নতুন অডিও-ভিডিও নিয়মিতভাবে ইউটিউবে প্রকাশ করে আসছেন মনির খান।

দীর্ঘ এক দশকের পথচলায় গত জুনে চ্যানেলটি ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করে। এ সময়ে চ্যানেলটিতে আপলোড হয়েছে ৯৪৮টি ভিডিও। সব মিলিয়ে চ্যানেলটির ভিডিওগুলোতে এখন পর্যন্ত ভিউ হয়েছে ১০৪ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ৩৮৮টি।

দেশিয় সংগীতাঙ্গনে দীর্ঘদিনের জনপ্রিয়তা ও শ্রোতাদের ভালোবাসাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন প্রজন্মের দর্শকের কাছে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে মনির খানের এই অর্জন তার ক্যারিয়ারে যোগ করেছে নতুন এক অনন্য অধ্যায়।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন