সীমান্তসংলগ্ন এলাকার অপরাধ ও নানা অনিয়মকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন থ্রিলার চলচ্চিত্র ‘শিকার’। কামরুজ্জামান রোমানের পরিচালনায় ছবিটিতে কেন্দ্রবিন্দুতে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তার বিপরীতে দেখা যাবে নবাগত অভিনেতা মুরতজা পলাশকে, যার মাধ্যমে বড় পর্দায় নতুন এক নায়কের অভিষেক হতে যাচ্ছে।
এবার এই সিনেমায় যুক্ত হয়েছেন ভারতের
পশ্চিমবঙ্গের তিন জনপ্রিয় অভিনেতা—রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় ও শ্যাম ভট্টাচার্য।
বর্তমানে হিমালয়ের দেশ নেপালে পূর্ণদ্যোতনায় চলছে ‘শিকার’-এর শুটিং।
সিনেমাটির বিশেষত্ব হলো বাংলাদেশ ও ভারতের
পাশাপাশি এতে নেপালের স্থানীয় বেশ কয়েকজন অভিনয়শিল্পীও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়
করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের ব্যানারে ছবিটি নির্মিত হচ্ছে।
কলকাতার এই তিন অভিনেতারই বাংলাদেশের চলচ্চিত্রে
পূর্বে কাজের অভিজ্ঞতা রয়েছে। শ্যাম ভট্টাচার্য সম্প্রতি বরবাদ ও রাক্ষস সিনেমায়
কাজ করে আলোচনায় এলেও দীর্ঘ বিরতির পর ঢালিউডের বড় পর্দায় ফিরছেন প্রবীণ অভিনেতা
রজতাভ দত্ত ও খরাজ মুখোপাধ্যায়।
সিনেমায় নিজের ভূমিকা নিয়ে রজতাভ দত্ত
জানান, তিনি মনীষ মালহোত্রা নামে একটি প্রভাবশালী রাজনৈতিক চরিত্রে অভিনয় করছেন, যে
কিনা সীমান্ত এলাকার অনিয়ম ও দুর্নীতির সাথে সরাসরি যুক্ত। চরিত্রটিকে অত্যন্ত শক্তিশালী
ও বৈচিত্র্যময় বলে দাবি করেন তিনি।
অন্যদিকে শ্যাম ভট্টাচার্য বলেন, বাংলাদেশ
ও ভারত—দুই দেশের প্রেক্ষাপটেই সীমান্ত অপরাধের ওপর ভিত্তি করে ছবিটি এগোচ্ছে। একটি
সাধারণ গল্প কীভাবে নির্মাণের শক্তিতে অসাধারণ ও উপভোগ্য হয়ে ওঠে, শিকার সিনেমায়
দর্শক সেটাই দেখতে পাবেন।
চলতি বছরের শুরুর দিকে শিকার নির্মাণের
প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। শুরুর দিকে এটি একটি ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব
ফিল্ম হিসেবে তৈরির পরিকল্পনা থাকলেও পরবর্তীকালে এর বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনা করে
বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
ছবিটি নিয়ে ভীষণ আশাবাদী নায়িকা অপু
বিশ্বাস। তিনি জানান, গল্পে নিজের অভিনয়ের চমৎকার সুযোগ পেয়েই তিনি চিত্রনাট্যে রাজি
হয়েছিলেন। নির্মাতা কামরুজ্জামান রোমান জানিয়েছেন, নেপালে টানা ২৫ দিন দৃশ্যধারণের
পর টিম ঢাকায় ফিরবে। এরপর বাংলাদেশে আরও এক সপ্তাহের চিত্রগ্রহণ শেষে পোস্ট-প্রোডাকশনের
কাজ সম্পন্ন করে খুব শীঘ্রই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
বাংলাদেশের খবর/ এম.আর

