মানুষ আমি আমার কেন পাখির মতো মন এই গানটি শোনেননি এমন শ্রোতা খুঁজে পাওয়া দায়। ২০০৪ সালে বিপ্লব চক্রবর্তীর লেখা ও সুর করা কালজয়ী সেই গানে কণ্ঠ দিয়ে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছিলেন সংগীতশিল্পী পথিক নবী।
তবে সেই অভাবনীয় সাফল্যের পর অজানাই রয়ে
গিয়েছিল তার চলচ্চিত্র যাত্রা, দীর্ঘ ২২ বছর সিনেমায় আর কোনো গান গাননি তিনি। অবশেষে
দুই দশকের দীর্ঘ বিরতি ভেঙে আবারও সিনেমার প্লেব্যাকে ফিরলেন এই শিল্পী।
সৈয়দ শমসের তারিফের পরিচালনায় নির্মাণাধীন
‘মাটি’ সিনেমার
একটি গানে সম্প্রতি প্লেব্যাক করেছেন পথিক নবী। ‘মাটির পুতুল’ শিরোনামের ফোক ঘরানার এই
গানটির কথা ও সুর করেছেন আবেগী জাকির এবং সংগীত আয়োজন করেছেন জিমি শাহ। গত ২৭ জুলাই
ঢাকার একটি স্টুডিওতে গানটির রেকর্ড সম্পাদন করা হয়।
গানের ট্র্যাক ও কথা প্রস্তুত হওয়ার পরই
নির্মাতা ও সংগীত পরিচালকের মনে হয় গানটির গায়কির জন্য পথিক নবীই সবচেয়ে উপযুক্ত।
গানটির মিউজিক ট্র্যাক শোনার পর পছন্দ হওয়ায় দীর্ঘ বিরতি কাটিয়ে এতে কণ্ঠ দিতে রাজি
হন তিনি।
এ প্রসঙ্গে পরিচালক সৈয়দ শমসের তারিফ
বলেন, ফোক প্যাটার্নের গানটি শুনলে মনে হয় এটি যেন পথিক নবীর কণ্ঠের কথা মাথায় রেখেই
তৈরি। তিনি অসাধারণ গেয়েছেন। দীর্ঘ সময় পর চলচ্চিত্রে ফিরতে পেরে উচ্ছ্বসিত পথিক
নবীও জানিয়েছেন, ভালো কথা ও সুরের কাজ পেলে ভবিষ্যতেও নিয়মিত প্লেব্যাক করার ইচ্ছে
রয়েছে তার।
গ্রামীণ জীবনের টানাপোড়েন, মানুষের স্বপ্ন-সংগ্রাম
এবং মাটি ও নদীর সাথে আত্মিক সম্পর্কের গল্প নিয়ে গড়ে উঠেছে মাটি সিনেমার পটভূমি।
ঝিনাইদহ জেলার মহেশপুরের বিভিন্ন গ্রাম ও ইছামতী নদীর মোহনীয় পাড়ে ইতোমধ্যে প্রথম
ধাপের দৃশ্যধারণ শেষ হয়েছে। বর্তমানে ছবিটির সম্পাদনা ও পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।
সিনেমাটির প্রধান প্রধান চরিত্রে অভিনয়
করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত রাফাহ নানজিবা তোরসা, আলভী মামুন, এম ডি ইকবাল
হোসেন, মাহামুদ আলম ও আশিক সরকারসহ একঝাঁক অভিনয়শিল্পী। সবকিছু ঠিক থাকলে চলতি ২০২৬
সালের শেষভাগে অর্থাৎ ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে
জানিয়েছে প্রযোজনা দল।
বাংলাদেশের খবর/ এম.আর

