আট থেকে আশি—সব বয়সের দর্শকের প্রিয় বাংলা অ্যানিমেটেড সিরিজ গোপাল ভাঁড় কি সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে? গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলা এই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে সম্প্রচারকারী সংস্থা। রটে যাওয়া সমস্ত খবরকে ভিত্তিহীন ও ভুয়া প্রমাণ করে ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘সনি আট’ জানিয়েছে, জনপ্রিয় এই কার্টুন সিরিজ বন্ধ হওয়া তো দূরের কথা, বরং ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট নিয়ে আসা হচ্ছে একদম নতুন পর্বের বিশেষ চমক।
সম্প্রতি ফেসবুক, ইউটিউব ও টিকটকে একটি
সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মৃত্যুশয্যায় শুয়ে আছে প্রধান
চরিত্র গোপাল ভাঁড়; আর তার পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন স্ত্রী, নাতি-নাতনি, রাজা
কৃষ্ণচন্দ্র ও রাজসভার সদস্যরা। এই ভিডিওর ওপর শেষ পর্ব, গোপালের মৃত্যু এবং শৈশবের
সমাপ্তির মতো সংবেদনশীল বার্তা যুক্ত করে ছড়িয়ে দেওয়া হলে শৈশবের প্রিয় চরিত্র হারিয়ে
যাওয়ার বেদনায় বিচলিত হয়ে পড়েন লাখ লাখ কার্টুনপ্রেমী ও নেটিজেন।
তবে অনুসন্ধানে জানা যায়, ভাইরাল হওয়া
ওই ভিডিওটি সম্প্রতি তৈরি বা প্রচার হওয়া কোনো নতুন দৃশ্য নয়। এটি প্রায় দুই বছর আগে
প্রচারিত সনি আটের ১০৩৭ নম্বর পর্বের একটি অংশ। গল্পের প্রয়োজনে সেই পর্বে গোপাল মারা
যাননি, বরং শত্রু বা শত্রুপক্ষকে শিক্ষা দিতে মারা যাওয়ার অভিনয় করেছিলেন মাত্র। পুরোনো
সেই পর্বের একটি নির্দিষ্ট দৃশ্য কেটে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি
তৈরি করা হয়েছিল।
দর্শকদের এই ব্যাকুলতা ও জল্পনার মাঝেই
শুক্রবার বিশেষ প্রোমোশনাল পোস্ট দিয়ে গুঞ্জনে ইতি টেনেছে সনি আট কর্তৃপক্ষ। একটি ফটোকার্ড
পোস্ট করে তারা জানিয়েছে, হাসি, বুদ্ধি আর মশকরায় গোপাল ভাঁড়-এর নতুন পর্ব আসছে ১৫
আগস্ট সকাল ১১টায় শুধু সনি আট-এ! প্রকাশিত বিশেষ পোস্টারে গোপালকে তার চিরচেনা হাস্যোজ্জ্বল
ভঙ্গিতে দেখা গেছে, যার ব্যাকগ্রাউন্ডে রয়েছে স্বাধীনতা দিবসের থিম। পরবর্তীতে চ্যানেলের
পক্ষ থেকে একটি প্রোমো প্রকাশ করে বলা হয়, স্বাধীনতা দিবসে স্বদেশ প্রেমে মজবে গোপাল…
বুদ্ধির প্যাঁচে শত্রুকে করবে নাকাল… হাসির জোয়ারে ফুরফুরে হবে শনিবার সকাল, টানা
৬ ঘণ্টা।
কৃষ্ণনগরের প্রখ্যাত এই কাল্পনিক চরিত্রের
গল্পকে আধুনিক অ্যানিমেশনে রূপ দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে গোপাল ভাঁড় সিরিজটি।
কোনো প্রকার আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই রটে যাওয়া গুঞ্জনে যারা হতাশ হয়েছিলেন, সনি আটের
এই আনুষ্ঠানিক ঘোষণা এবং টানা ৬ ঘণ্টার নতুন পর্বের খবরে তাদের মাঝে স্বস্তি ও আনন্দের
আমেজ ফিরে এসেছে।
বাংলাদেশের খবর/ এম.আর

