ছবি: সংগৃহীত
হলিউডের স্পাইডার ম্যান খ্যাত জনপ্রিয় তারকা জুটি টম হল্যান্ড ও জেনডায়ার প্রেমের গল্প সবারই জানা। এবার সেই প্রেমের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে বাগদান সেরেছেন তারা।
৮২তম গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে জেনডায়ার আঙুলে থাকা হীরার আংটি ভক্তদের নজর কাড়ে। আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যম তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেনডায়া ও টম হল্যান্ডের এই বাগদানের খবরে ভক্তরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। ২০২১ সালে প্রথমবার গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ার পর, এবার তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিলেন তারা।
গোল্ডেন গ্লোবে মিউজিক্যাল-কমেডি সিনেমা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন জেনডায়া। সে আসরে পুরস্কার না পেলেও, তার আঙুলে থাকা ৪৮ ক্যারেটের হীরার আংটি সবার চোখে পড়ে। জানা গেছে, জেনডায়ার আঙুলে থাকা আংটির দাম প্রায় ২ লাখ মার্কিন ডলার বা ২ কোটি ৪২ লাখ টাকা।
চলতি বছর আবারও ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় জুটি বেঁধে হাজির হবেন জনপ্রিয় এ তারকা জুটি। তবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
এফএটি

