Logo

বিনোদন

দীর্ঘ ১১ বছর পর এক ফ্রেমে দেব-শুভশ্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ২০:৫৮

দীর্ঘ ১১ বছর পর এক ফ্রেমে দেব-শুভশ্রী

পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় ও কালজয়ী জুটি দেব এবং শুভশ্রী গাঙ্গুলি। পর্দায় তাদের দুর্দান্ত রসায়নের পাশাপাশি একসময় ব্যক্তিগত সম্পর্ক নিয়েও টালিউডে ছিল তুমুল চর্চা। তবে সম্পর্কের বিচ্ছেদের পর নিজেদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে পৃথক পথ বেছে নেন দুজনেই। দীর্ঘ ১১ বছরের সুদীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে ভক্তদের বহুল প্রতীক্ষিত দেশু’ জুটির পুনরাগমন ঘটছে রূপালী পর্দায়।

দেবের প্রথম পরিচালিত চলচ্চিত্র দেশু ৭’-এর মাধ্যমে আবারো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তারা। বুধবার সিনেমাটির চিত্রধারণ বা শুটিংয়ের শেষ দিনে দেবকে উদ্দেশ্যে করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন শুভশ্রী।

চিঠিতে অভিনেত্রী তাদের ক্যারিয়ারের যৌথ সূচনালগ্নকে স্মরণ করার পাশাপাশি পরিচালক হিসেবে দেবের নতুন রূপ আবিষ্কারের অভিজ্ঞতা তুলে ধরেন। শুভশ্রী লেখেন, প্রিয় দেব, আজ দেশু ৭’-এর শুটিংয়ের শেষ দিন। তাই ভাবলাম কথাগুলো লিখে ফেলি। আমরা দুজনই কমবেশি একই সময়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম, কিন্তু এবার অভিজ্ঞতাটা ছিল একেবারে অন্যরকম। তোমার প্রথম পরিচালিত সিনেমার অংশ হয়ে তোমার ভাবনাকে পর্দায় জীবন্ত হয়ে উঠতে দেখেছি এবং তোমার সম্পূর্ণ নতুন একটি দিক আবিষ্কার করেছি।”

নির্মাতা দেবের অনন্য দৃষ্টিভঙ্গি দেখে শুরুতে কিছুটা ঈর্ষা হলেও পরবর্তীতে তা অনুপ্রেরণায় রূপ নেয় বলে স্বীকার করেন এই অভিনেত্রী। তিনি আরও যোগ করেন, সত্যি বলতে, শুরুতে তোমার প্রতি একটু ঈর্ষাই হচ্ছিল। মনে হচ্ছিল, এত দিনে অভিনয় করতে করতে চিত্রনাট্য ও নির্মাণ নিয়ে কীভাবে এতটা আয়ত্ত করলে? তবে কাজ যত এগিয়েছে, তোমার প্রতি অনুপ্রেরণাটাই বেশি অনুভব করেছি। আমি মন থেকে বিশ্বাস করি, দেশু ৭’ মুক্তির পর আমাদের ইন্ডাস্ট্রি একজন নতুন যুগের দক্ষ নির্মাতাকে পাবে। তোমাকে নিয়ে আমি গর্বিত।”

পরিচালক হিসেবে দেবের এই নতুন পথচলায় ইন্ডাস্ট্রি এক ভিন্ন মাত্রার গল্প বলার কারিগর পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শুভশ্রী। দেব-শুভশ্রী জুটি ছাড়াও দেবের নিজস্ব প্রযোজনা ও পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার।

সিনেমাটির আবহ ও তারকা দলের কারণে ভক্তদের মাঝে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমাটি।

 

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন