ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তার দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে তাদের বিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়নি। গোয়ায় আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেছেন তারা।
সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। স্থানীয় আইন অনুযায়ী প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের অপেক্ষার বিধান রয়েছে। তবে বিশেষ অনুমতি নিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করেন তারা।
সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার জানিয়েছেন, গোয়ার ইউনিফর্ম সিভিল কোডের আওতায় তাদের বিয়ে নিবন্ধিত হয়েছে। বিশেষ দিনের জন্য কোনো জমকালো পোশাকও বেছে নেননি এই দম্পতি। বিকাল চারটার দিকে কার্যালয়ে আসেন তারা, পরনে ছিল সাদামাটা পোশাক। সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ কয়েক বন্ধু।
অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরু ২০১৮ সালে। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর তাদের সংসারে আসে দুই সন্তান। ২০১৯ সালে তাদের প্রথম সন্তান এরিকের জন্ম হয়। চার বছর পর, ২০২৩ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান এরিভ।
সন্তান, সংসার—সব মিলিয়ে অনেকটা সময় একসঙ্গে কাটালেও বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে তাড়াহুড়া করেননি তারা। বরং সম্পর্ককে নিজেদের মতো করে এগিয়ে নিয়েছেন। ২০২৫ সালে অর্জুন গ্যাব্রিয়েলার সঙ্গে বাগ্দানের খবর প্রকাশ্যে আনেন।
অবশেষে ২০২৬ সালে এসে আইনি স্বীকৃতিও পেল তাদের সম্পর্ক।
বিয়ের আগে অবশ্য অর্জুন একাধিকবার জানিয়েছিলেন, তারা কেন বিয়ে করছেন না। অভিনেতা রণবীরের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে অর্জুন বলেছিলেন, তাদের সম্পর্কের জন্য বিয়ের কাগজ খুব একটা গুরুত্বপূর্ণ নয়।
অর্জুনের যুক্তি ছিল, বিয়ের পর অনেক সময় মানুষের মনে সম্পর্কটি স্থায়ী হয়ে যাওয়ার একটি ধারণা তৈরি হয়। সেই ধারণা সম্পর্কের স্বাভাবিকতাকে বদলে দিতে পারে। তার কাছে গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কের সৌন্দর্য ছিল এর স্বাভাবিক গতিতে।
অভিনেতা আরও বলেছিলেন, তাদের ভাবনায় তারা এমনিতেই বিবাহিত। দুজনই একে অপরকে ভালো পথে এগিয়ে যেতে সাহায্য করছেন। একই সঙ্গে তারা প্রেমিক-প্রেমিকার সম্পর্কটিও উপভোগ করছেন।
গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কের আগে অর্জুনের দাম্পত্য জীবন ছিল মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে। ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন তারা। তাদের দুই মেয়ে— মাহিকা ও মাইরা।
প্রায় ২১ বছর সংসার করার পর ২০১৯ সালে বিচ্ছেদ হয় অর্জুন ও মেহরের। দীর্ঘ দাম্পত্যের অবসানের পরও দুই মেয়ের সঙ্গে অর্জুনের সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ।
অন্যদিকে গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্ক শুরুর পরও অর্জুন তার সন্তানদের জীবনে বাবার দায়িত্ব পালন করে গেছেন। নতুন সম্পর্ক ও আগের সংসারের সন্তানদের মধ্যে ভারসাম্য রাখার বিষয়টিও তার ব্যক্তিজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে।
অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্ক শুরু হয়েছিল প্রেম দিয়ে। এরপর বিয়ে ছাড়াই তারা পরিবার শুরু করেন।
বাংলাদেশের খবর/আরইউ

