Logo

বিনোদন

ওটিটি প্ল্যাটফর্মে আসছে সৃজিতের পদাতিক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ২১:০৬

ওটিটি প্ল্যাটফর্মে আসছে সৃজিতের পদাতিক

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জীবনকাহিনি নির্ভর আলোচিত বায়োপিক পদাতিক এবার যুক্ত হচ্ছে ওটিটি দুনিয়ায়। দুই বছর আগে ২০২৪ সালের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে প্রসংশিত হয়েছিল সৃজিত মুখার্জি পরিচালিত এই সিনেমাটি।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির ডিজিটাল তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ আগস্ট থেকে জনপ্রিয় আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ -এ সারা বিশ্বের দর্শকেরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।

পদাতিক -এ ভারতীয় চলচ্চিত্রের পুরোধা পুরুষ মৃণাল সেনের যুবকাল ও পরিণত বয়সের জটিল ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। মৃণাল সেনের সৃষ্টিশীল জীবনের পাশাপাশি তার ব্যক্তিজীবন ও সাফল্যের পেছনের মূল প্রেরণাদাত্রী স্ত্রী গীতা সেনের ভূমিকা তুলে ধরা হয়েছে সিনেমটিতে, যে চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের চিত্রনায়িকা মনামী ঘোষ। এছাড়া এতে মৃণাল সেনের কৈশোরের চরিত্রে কোরক সামন্ত এবং তাঁদের সন্তান কুণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন সম্রাট চক্রবর্তী।

এই চলচ্চিত্রটির সঙ্গে চঞ্চল চৌধুরীর ব্যক্তিগত জীবনের এক অতি বিষাদময় স্মৃতি জড়িত। সিনেমাটির দৃশ্যধারণ শুরুর ঠিক দুই দিন আগেই তিনি তার বাবাকে হারান। পিতৃশোক বুকে চেপে রেখেই তাকে মৃণাল সেনের রূপ নিয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনের মুখোমুখি হতে হয়েছিল। স্মৃতিরোমন্থন করে চঞ্চল চৌধুরী জানান, বাবার শেষকৃত্য সম্পাদন করে দুই দিন পরেই সেটে ফিরতে হয়েছিল। সেই কঠিন মুহূর্তগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে যাওয়ার পর বা প্রিভিউ কপি প্লে করলেই আমার সেই শোকের দিনের কথা ও বাবার মুখটি মনে পড়ে যায়।

২০২৪ সালে কলকাতায় মুক্তির পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাগৃহেও পদাতিক মুক্তির সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে একই সময়ে পশ্চিমবঙ্গের আর জি কর কেন্দ্রিক গণআন্দোলন এবং বাংলাদেশে প্রেক্ষাপটের রাজনৈতিক পরিবর্তনজনিত অস্থিরতায় সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে আর রিলিজ দেওয়া সম্ভব হয়নি।

নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ সৃষ্টিটি দেশের প্রেক্ষাগৃহে না পৌঁছানোয় চঞ্চল চৌধুরীর দীর্ঘদিনের আক্ষেপ ছিল। অবশেষে ওটিটিতে বৈশ্বিক মুক্তির মাধ্যমে সেই বকেয়া পূরণ হওয়ায় উচ্ছ্বসিত এই তারকা অভিনেতা। তিনি আশা প্রকাশ করেন, প্রেক্ষাগৃহে দেখতে না পাওয়া দুই বাংলার বহু দর্শক এবার ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল পর্দায় এই মেলোড্রামা ও ইতিহাসকে নতুনভাবে পরখ করবেন।

 

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন