ছবি: সংগৃহীত
সুরকার ও সংগীতপরিচালক আহমেদ সজীব। তার সুর ও সংগীতে বিভিন্ন শিল্পীর কণ্ঠে বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে। এরমধ্যে রয়েছে সানজিদা রিমির ‘তুই আমার আলতা চুড়ি না’ কাজী শুভর ‘পারবো না ভুলতে তোকে’ ও মোহাম্মদ মিলনের ‘তুই শুধু তুই’।
অন্য শিল্পীদের গানের পাশাপাশি সজীব এবার নিজেও গান গাওয়াতে মনোযোগী হয়েছেন বলে জানান।
সম্প্রতি তার কণ্ঠে প্রকাশ হয়েছে ‘এত সুখ’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও। তার সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা। রাশেদুল হাসান রূপচাঁদের কথায় গানটির সুর ও সংগীত করেছেন আহমেদ সজীব নিজেই।
গানচিত্রে মডেল হয়েছেন সোহেল শুভ ও আরুশি অরু। পরিচালনা করেছেন এস এম করিম। এফ এস মিউজিক অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে গানটি।
সজীব বলেন, ‘আমি শুরুতে নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীদের জন্য গান করতাম। তবে মাঝে আমার নিজের জন্য গান করা হয়নি। বিভিন্ন শিল্পীর জন্য সুর ও সংগীতে ব্যস্ত হয়ে যাওয়ায় নিজে গান গাওয়া থেকে দূরে সরে গেছি। এখন আবার নিজের জন্যও কিছু গান করছি। এরমধ্যে ‘এত সুখ’ গানটির জন্য সবার কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।’
উল্লেখ্য, সম্প্রতি কাজী শুভর প্রকাশিত ‘কেউ বুঝলো না’ একক অ্যালবামে ছয়টি গানের সংগীত পরিচালনা করেছেন আহমেদ সজীব।
বাংলাদেশের খবর/আরইউ

