সিনে অ্যান্ড টেলি অ্যাওয়ার্ডসে নৃত্যে স্বীকৃতি পেলেন রাফিয়াত কথা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ২০:৫৪
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সিনে অ্যান্ড টেলি অ্যাওয়ার্ডস ২০২৬-এ সেরা নৃত্যশিল্পীর পুরস্কার পেয়েছেন যশোরের নৃত্যশিল্পী রাফিয়াত নাসির কথা। মিরর ওয়ার্ল্ডের আয়োজনে গত ২৯ আগস্ট ঢাকার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে তার হাতে ওঠে এ সম্মাননা। নৃত্যশিল্পী, প্রশিক্ষক ও কোরিওগ্রাফার হিসেবে কাজ করে চলা কথার অর্জনে যুক্ত হলো নতুন একটি পুরস্কার।
যশোরের সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা কথার শিল্পীজীবনের ভিত্তি গড়ে উঠেছে শাস্ত্রীয় নৃত্যের চর্চায়। ভরতনাট্যমে গুরু সাইফুল ইসলাম সাকী এবং কথকে গুরু জন সঞ্জীব চক্রবর্তীর কাছে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। মণিপুরী, ভরতনাট্যম ও সমকালীন নৃত্যের বিভিন্ন কর্মশালায় অংশ নিয়ে নিজের পরিবেশনার পরিসরও বাড়িয়েছেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত এই শিল্পী টেলিভিশন এবং মঞ্চ—দুই মাধ্যমেই কাজ করছেন। বিটিভির ‘তরানা’ ও ‘নৃত্যের তালে তালে’, এটিএন বাংলার ‘নূপুরের ছন্দে’ এবং জাতীয় নৃত্যনাট্য উৎসবসহ বিভিন্ন আয়োজনে নৃত্য পরিবেশন করেছেন তিনি। বাংলাদেশ ড্যান্স আর্টিস্টস অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার হিসেবেও যুক্ত রয়েছেন কথা।
দেশের বাইরের মঞ্চেও নৃত্য পরিবেশনের অভিজ্ঞতা রয়েছে তার। ভারতের বনিপুর লোক উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি মালয়েশিয়ার কুয়ালালামপুরে Pohela Boishakh 1432 Celebration & Boishakhi Fair-এ বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরেছেন তিনি। ওই আয়োজনে Best Dancer Bangla 1432 স্বীকৃতি পেয়েছেন বলে জানিয়েছেন কথা। তার পূর্ববর্তী অর্জনের মধ্যে রয়েছে BABISAS Award 2024।
মঞ্চে পরিবেশনার পাশাপাশি নতুন প্রজন্মকে নৃত্য শেখানোর কাজেও সময় দিচ্ছেন এই শিল্পী। আনন্দলোক একাডেমি, লিটল আইনস্টাইন স্কুল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সফট স্কিল প্রকল্প, নৃত্য বিতান যশোর, ক্যান্টনমেন্ট কলেজ যশোর এবং বুলবুল ললিতকলা একাডেমিতে নৃত্যশিক্ষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে নৃত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন রাফিয়াত নাসির কথা। প্রাতিষ্ঠানিক শিক্ষা, নিয়মিত অনুশীলন ও মঞ্চের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে নিজের শিল্পচর্চা এগিয়ে নিতে চান তিনি।
কথার ভবিষ্যৎ লক্ষ্য, বাংলাদেশের নৃত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও বিস্তৃত আন্তর্জাতিক পরিসরে উপস্থাপন করা। সেরা নৃত্যশিল্পীর এই স্বীকৃতি নিয়ে সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন যশোরের এই শিল্পী।
বাংলাদেশের খবর/আরইউ

