Logo

বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে শনিবার

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩৬

অ
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে শনিবার

ছবি: সংগৃহীত

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’-স্লোগানকে সাথে নিয়ে শুরু হতে যাচ্ছে ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ আয়োজনকে সামনে রেখে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলন। 

আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এবারের উৎসবে রাজধানী ঢাকার ৬টি ভেন্যুতে ৯ দিন ব্যাপী এই উৎসবে দেশী বিদেশি অনেক চলচ্চিত্র প্রেমীদের মিলনমেলায় পরিণত হবে। 

উৎসবে ৭৫টি দেশের ২২০টি সিনেমা প্রদর্শিত হবে বলে জানান আয়জকেরা। ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল।

জানা গেছে, শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনের চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক ঝু ইয়াং। উদ্বোধনী দিনে সংগীত পরিবেশন করবে ব্যান্ড জলের গান। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে এ বছর দেখানো হবে চিউ ঝ্যাং পরিচালিত চীনা সিনেমা ‘মুন ম্যান’।  

এদিন বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনীর উদ্বোধন হবে। এবারের উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন।

উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর স্থানগুলো হিসেবে থাকছে, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, অলিয়ঁস ফ্রঁয়েজ মিলনায়তন, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটি অডিটোরিয়াম। এ মিলনায়তনের সব প্রদর্শনী সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবেন। আসন সংখ্যা সীমিত থাকায় ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে আসন বণ্টন করা হবে।

১২ ও ১৩ জানুয়ারি উৎসবের অংশ হিসেবে ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জের তিনতলায় অনুষ্ঠিত হবে চলচ্চিত্রে নারীর ভূমিকাবিষয়ক ‘একাদশ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’।

এ কনফারেন্সে দেশি-বিদেশি নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের নারী নির্মাতারা অভিজ্ঞতা অর্জনের একটি সুবর্ণ সুযোগ পাবেন। এখানে নারী নির্মাতারা তাদের কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো এবং উত্তরণের উপায় নিয়ে বিশ্বের খ্যাতিমান নারী নির্মাতাদের সঙ্গে মতবিনিময় করবেন। 

১২ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় ‘একাদশ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্সের’ উদ্বোধনী দিনে উৎসবের চেয়ারপারসন কিশওয়ার কামাল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. পারভীন হাসান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং চীনের চলচ্চিত্র পরিচালক।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণে থাকছে কয়েকটি বিশেষ প্রদর্শনী। ১২, ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, গ্রিন ইউনিভার্সিটির অডিটোরিয়াম, বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির চিত্রশালা মিলনায়তন ও নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে দেখানো হবে সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

এছাড়াও ১৭-১৮ জানুয়ারি থাকছে দুই দিনব্যাপী মাস্টার ক্লাস। যেটি আগে এলে আগে পাবেন ভিত্তিতে নিবন্ধিত অতিথিরা অংশ নিতে পারবেন। নিবন্ধনের জন্য উৎসবের অফিসিয়াল ফেসবুক পেজে লক্ষ্য রাখতে হবে।

জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ মাস্টারক্লাসে কথা বলবেন চীনের চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক ঝু ইয়াং, সার্বিয়ার চলচ্চিত্র পণ্ডিত অধ্যাপক ড্রেগেন মিলিনকোভিচ, নরওয়ের চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক অগি হোফার্ট এবং বাংলাদেশের চিত্রগ্রাহক রাশেদ জামান।

ইতোমধ্যে উৎসবের অনন্য আকর্ষণ আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার লা আর্ট গ্যালারিতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় ‘পার্সপেকটিভ, অ্যা কনটেম্পোরারি গ্রুপ আর্ট এক্সিবিশন’ এর পর্দা উঠেছে।

আজকের এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারপার্সন কিশওয়ার কামাল, এশিয়ান কম্পিটিশন সেকশনের জুরি বোর্ডের সদস্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন, উৎসব কমিটির নির্বাহী সদস্য ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জনাব জালাল আহমেদ, উৎসবের মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু, এবং উইমেন ইন সিনেমা কনফারেন্সের কনফারেন্স ডিরেক্টর সাদিয়া খালিদ রিতি।

এছাড়া, উৎসব কমিটির অন্যান্য সদস্যরা উৎসবের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং উৎসবের সফল আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। 

 ১৯ জানুয়ারি জাতীয় জাদুঘর মিলনায়তনে পর্দা নামবে ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন