দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেস ছাড়লেন নোরা ফাতেহি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২১:২১
ছবি: সংগৃহীত
লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী দাবানলের কারণে শহরটি ছেড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সম্প্রতি এক ভিডিওতে নিজের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী।
তিনি জানান, ‘আমি লস অ্যাঞ্জেলেসে আছি যেখানের দাবানল পরিস্থিতি ভয়ংকর। আমি এরকম কিছু আগে কখনও দেখিনি। কিছুক্ষণ আগে আমাদের উচ্ছেদের আদেশ দেওয়া হয়েছে, তাই আমি দ্রুত জিনিসপত্র গুছিয়ে এ শহর ছেড়ে যাচ্ছি।’
সে মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করে নোরা জানান, ‘আমি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হচ্ছি আশা করি ফ্লাইটটি বাতিল হবে না, কারণ পরিস্থিতি সত্যিই ভয়ংকর। আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা এবং সত্যিই খুব ভীতিকর।’
উল্লেখ্য, ভয়াবহ এই দাবানলের কারণে ২০২৫ সালের অস্কারের মনোনয়ন ঘোষণার সময়সীমা দুই দিন পিছিয়ে ১৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। অস্কার একাডেমি তাদের সদস্যদের কাছে পাঠানো এক ই-মেইলে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রার্থনা করেছেন।
এফএটি

