ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে থাকা বলিউডের আলোচিত নির্মাতা ও প্রযোজক করণ জোহর এবার সরাসরি না হলেও, ইঙ্গিতপূর্ণ ভাবে সমালোচকদের কটাক্ষের জবাব দিলেন।
শুক্রবার রাতে মুম্বাইয়ের এক রেস্তোরাঁর বাইরে বন্ধু মালাইকা আরোরা ও গৌরী খানের সঙ্গে ক্যামেরাবন্দি হন করণ জোহার। সোশ্যাল মিডিয়ায় সে ছবি প্রকাশ্যে এলে করণের পড়নের সাদা সোয়েটশার্ট নেটিজেনদের বেশ নজর কাড়ে। যার বুকে বড় বড় অক্ষরে লেখা ছিল ‘নেপো বেবি’।
বলিউডের তারকা সন্তানদের কাজের সুযোগ করে দেয়ার অভিযোগে একাধিকবার সমালোচনায় এসেছেন করণ জোহর। বিশেষ করে স্টুডেন্ট অফ দ্যা ইয়ার সিনেমায় আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহত্রার অভিষেকের পর থেকেই আলোচনার মুখে করণ। এমনকি তার বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ উঠে আসে।
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও করণের বিরুদ্ধে তীব্রভাবে কটাক্ষ করেছিলেন। তবে এবার সেই কটাক্ষের সপাট জবাবই দিলেন করণ, এমনটাই মনে করছেন অনেকে।
করণ জোহরের এই ‘নেপো বেবি’ লেখা সোয়েটশার্ট পরার ঘটনাটি হলিউডের একটি ঘটনার সঙ্গে মিল খুঁজে পায়। ২০২৩ সালে, জাস্টিন বিবারের স্ত্রী হেইলি বিবারও এমনই একটি টি-শার্ট পরে বেরিয়েছিলেন, যাতে লেখা ছিল ‘নেপো বেবি’। হেইলি বিবারও তারকা সন্তান, তার বাবা স্টিফেন বাল্ডউইন এবং দাদামশাই বিখ্যাত ব্রাজিলীয় সংগীতশিল্পী।
করণের এই ইঙ্গিতপূর্ণ পোশাক দেখে বোঝা যাচ্ছে, বলিউডে ‘পরিবারতন্ত্র’ বিতর্কে তিনি মুখে কিছু না বললেও, তার জবাব বেশ স্পষ্ট।
এফএটি

