Logo

বিনোদন

ঢাকায় শুরু হলো ২৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২০:৪০

অ
ঢাকায় শুরু হলো ২৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ছবি: সংগৃহীত

আজ ১১ জানুয়ারি ২০২৫, ঢাকার পাঁচটি ভেন্যুতে জমকালো আয়োজনে পর্দা উঠলো ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হওয়া এ উৎসবে অংশ নিচ্ছে ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে।

উৎসবের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী কর্নারের উদ্বোধন করে তিনি উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক শু ইয়াং।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। এছাড়া মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড  ‘জলের গান’।


চীনা চলচ্চিত্র প্রশাসনের পরিচালক শু ইয়াং তার বক্তব্যে রেইনবো ফিল্ম সোসাইটিকে উৎসবে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান। অন্যদিকে, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উৎসবটিকে বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, উৎসবে চীনের ১৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে, এবং চীনা ও বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ থাকবে।

প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মো. নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বলেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে মনন বিকশের একটা মাধ্যম। এর মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র নির্মাতা দের সাথে পরিচিত হতে পারি তাদের ফিল্ম দেখার মাধ্যমে। তাদের দেশের সংস্কৃতি সম্পর্কে ধারণা নিতে পারি।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, উৎসব কমিটির নির্বাহী সদস্য জনাব জালাল আহমেদ। তিনি বলেন অর্থ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় থেকে নিয়মিত অর্থ বরাদ্দের জন্য যদি এই উৎসবকে তালিকা ভুক্ত করা হয় তাহলে উৎসব নিয়ে প্রতি বছর যে দুঃশ্চিন্তা সেটি আর থাকে না।

২৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় চিউ ঝ্যাং পরিচালিত চীনা ছবি ‘মুন ম্যান’। ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শনের এই মহাযজ্ঞের উৎসবটি চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত।

এর মধ্যে ১২ ও ১৩ জানুয়ারি ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হবে ‘উইমেন ইন সিনেমা’ সম্মেলন। এছাড়া, ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে মাস্টারক্লাস, যেখানে আন্তর্জাতিক চলচ্চিত্র বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। ১৯ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন