শাহরুখ খানের আজমির শরীফ সফর: ভক্তদের ভিড়ে বিপাকে বলিউড বাদশাহ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২১:৪০
ছবি: সংগৃহীত
বেশ কয়েক বছর আগে রাজস্থানের আজমির শরীফ দরগায় গিয়ে বিপদে পড়েছিলেন বলিউডের কিং শাহরুখ খান। ঘটনাটি ঘটে আইপিএল শুরুর আগে, যখন শাহরুখ রাজস্থানে ছিলেন এবং দরগা পরিদর্শনে গিয়েছিলেন। সেই সময় স্থানীয় মানুষ শাহরুখের আগমনের খবরে উত্তেজিত হয়ে পড়েন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সম্প্রতি শাহরুখের সেই সফরের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তার নিরাপত্তারক্ষী ইউসুফ ইব্রাহিম। তিনি জানান, ‘শাহরুখ স্যার আইপিএলের সময়ে আজমির শরীফ দরগায় যেতে চেয়েছিলেন।
কিন্তু আমরা বুঝতে পারিনি যে শুক্রবার দরগায় প্রার্থনার সময় প্রচুর মানুষের ভিড় হয়।’ ওই দিন দরগায় ১০ থেকে ১৫ হাজার মানুষের সমাগম ঘটে। যে কারণে শাহরুখকে অস্বাভাবিক ভিড়ের মাঝে পড়তে হয়।
ইউসুফ আরও বলেন, ‘সেখানের লোকজন শাহরুখকে দেখে এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েছিল ছিল যে আমাদের ধাক্কা মারতে মারতে দরগার ভিতরে ঢুকিয়ে দেয়। এরপর ধাক্কা খেতে খেতেই আমরা নিজেদের গাড়িতে ফিরে যাই।’ পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়।
এমন বিপজ্জনক অবস্থার মধ্যেও শাহরুখ খান শান্ত ছিলেন। ইউসুফ জানান, ‘শাহরুখ সবসময় শান্ত থাকেন। তিনি জানেন যে ভক্তদের উচ্ছ্বাসের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়, তাই তিনি কখনো মাথা গরম করেন না।’
এই ঘটনা ইউসুফের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা ছিল বলে জানান তিনি। কারণ শাহরুখের সঙ্গে এমন ভিন্নধর্মী পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতা অর্জন করা সত্যিই অনন্য।
এফএটি

