জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। গত বছরের ৪ মার্চ পরিবারের সম্মতিতে হামিম নীলয়ের সঙ্গে আকদ সম্পন্ন করেছেন তিনি। এতদিন তাদের বিয়ের বিষয়টি সবার আড়ালে থাকলেও, আজ হঠাৎ করেই এটি প্রকাশ্যে আসায় প্রথমে পরিবারের কেউ কিছু না জানালেও এবারে নিজেই জানালেন পড়শী।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি নিজেই নিশ্চিত করেছেন এই সুখবরটি। সেখানে পড়শী লিখেছেন, ‘আমি আপনাদের স্নেহের/ভালোবাসার পড়শী। ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করবো! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি।’
তিনি আরও জানান, তাঁর জীবনসঙ্গী নিলয়ের সঙ্গে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় পরিচয় হয়েছিল। তখন প্রেমের সম্পর্ক না থাকলেও, পরিবারের সম্মতিতে তাদের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়। গত বছর, ৪ মার্চ ২০২৪-এ যুক্তরাষ্ট্র থেকে কিছুদিনের জন্য দেশে আসেন নিলয়, এবং তখনই দুই পরিবারের সম্মতিতে তাদের আকদ হয়।
পড়শী আরও বলেন, ‘আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।’
পড়শীর কথামতো, খুব শীঘ্রই নিলয় দেশে আসবেন এবং তখন দুই পরিবারের আলোচনায় তাদের বিয়ের আনুষ্ঠানিক অনুষ্ঠান সম্পন্ন হবে। সেই পর্যন্ত সকলের দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় থাকার অনুরোধ করেছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।
এফএটি/এনআর/

