শাহরুখ খানকে দেখে ঝাঁপিয়ে পড়েছিলেন অনুরাগী, কড়া প্রতিক্রিয়া বাদশার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:২১
ছবি : সংগৃহীত
সবসময়ই বেশ ঠান্ডা মাথার মানুষ বলিউডের বাদশাহ শাহরুখ খান। প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য রোজই তার বাড়ির সামনে ভিড় জমান অসংখ্য ভক্ত। শাহরুখের সিনেমা মুক্তি পেলে তো কথাই নেই। মুহূর্তেই প্রেক্ষাগৃহ ভরে যায়। তাই তাকে সামনে পেলে যে ভক্তদের উন্মাদনা সীমা ছাড়াবে, তা আশা করাই যায়। সাধারণত এই সব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখেন শাহরুখ। কিন্তু এক বার মেজাজ হারিয়ে এক অনুরাগীকে বকুনি দিয়েছিলেন শাহরুখ খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জনপ্রিয় এ তারকার দেহরক্ষী ইউসুফ ইব্রাহিম কথা বলেন শাহরুখকে নিয়ে। জানান শাহরুখের সাথে ঘটে যাওয়া বিভিন্ন অভিজ্ঞতার ঘটনা।
জানান, একবার এক ভক্তের আচরণে বেশ বিরক্ত হয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাকে দেখে এক অনুরাগী হঠাৎ ঝাঁপিয়ে পড়েন একটি ছবি তোলার জন্য। এতে বিরক্ত হয়ে শাহরুখ খান তাকে কড়া ভাবে প্রত্যাখ্যান করেন।
শাহরুখের দেহরক্ষী এ প্রসঙ্গে আরও বলেন, ‘অনুরাগীদের উচিত আগে অনুমতি নিয়ে বিনীত ভাবে ছবি তোলার অনুরোধ করা। সরাসরি ফোন নিয়ে ঝাঁপিয়ে পড়া উচিত নয়। সব কিছুর একটা সীমা আছে।’
তারকাদের সঙ্গে ছবি তোলা বা ক্যামেরাবন্দি করার মুহূর্ত প্রায়ই ভাইরাল হয়, যা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা মন্তব্য উঠে আসে। তবে শাহরুখের দেহরক্ষী ইউসুফ বলেন, ‘তারকাদের জীবনযাপন সহজ মনে হলেও এর পেছনে রয়েছে কঠোর পরিশ্রম। অনেকে মনে করেন, শুধু সাজগোজ করে অভিনয় করলেই সব হয়। কিন্তু এই চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকে দিন-রাতের পরিশ্রম, যা অনেকেই উপলব্ধি করতে পারেন না।’
এফএটি

