নতুন সিনেমায় একসঙ্গে জুটি বাঁধছেন ভিকি-অনন্যা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:২১
ছবি : সংগৃহীত
‘গাল্লি বয়’ সিনেমায় রণবীর সিং ও আলিয়া ভাটের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল সিনেমাপ্রেমীদের কাছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমা একদিকে যেমন ভারতীয় বস্তি থেকে উঠে আসা এক র্যাপারের জীবন সংগ্রামের গল্প তুলে ধরেছিল, অন্যদিকে রণবীর-আলিয়ার রসায়নও দর্শকদের মনে গভীর ছাপ রেখে গিয়েছিল। এমনকি ভারতের তরফে অস্কারের জন্য মনোনীত হয়েছিল গালি বয়। সে যাত্রা সফল না হলেও সিনেমাটি আজও দর্শক হৃদয়ে বিশেষ জায়গা দখল করে রেখেছে।
আর সে ভালোবাসা থেকেই গালি বয় সিনেমার সিক্যুয়ালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন দর্শকেরা। অবশেষে, ‘গাল্লি বয় ২’ নিয়ে বি-টাউনে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে নতুন এই সিক্যুয়েলে জুটি হিসেবে থাকছেন না রণবীর-আলিয়া।
শোনা যাচ্ছে, এবার সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভিকি কৌশল ও অনন্যা পান্ডেকে। সেই সাথে সিনেমার চিত্রনাট্যেও আসছে বড় পরিবর্তন।
সূত্রের খবর অনুযায়ী, ‘গাল্লি বয় ২’ পরিচালনা করবেন অর্জুন বরেন সিং, যিনি ‘খো গায়ে হাম কাহাঁ’ সিনেমার পরিচালক। তিনি জানান, সিনেমার সিক্যুয়েলের জন্য অনন্যা পান্ডেকে অধিক উপযুক্ত মনে করছেন তিনি।
ভিকি কৌশলের নামও সিক্যুয়েলের জন্য অনেক দিন ধরে শোনা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত ভিকি-অনন্যা জুটির কোনো ছবি মুক্তি পায়নি, তবে যদি জল্পনা সত্যি হয়, তাহলে বলিউডে নতুন একটি জনপ্রিয় জুটি দেখা যাবে।
এফএটি

