নতুন রূপে প্রকাশ্যে এসে ভক্তদের হতাশ করলেন শাবনূর
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:৪৬
ছবি : সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নতুন রূপে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অস্ট্রেলিয়া থেকে ফেসবুকে শেয়ার করা ছবিগুলিতে সাদা ও সবুজ রঙের সালোয়ার কামিজে দেখা গেছে তাকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসিমুখে সামনে এগিয়ে যাওয়া’।
তবে তার নতুন রূপ নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। খোলামেলা ও মুটিয়ে যাওয়া শাবনূরকে দেখে হতাশ তার ভক্তরা। একজন ভক্ত লিখেছেন, ‘আপনি খুব সিম্পল লুকেই অসাধারণ, অতিরঞ্জন আপনার জন্য নয়,’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘দয়া করে ভক্তদের কষ্ট দেবেন না। ৯০ দশকে আপনি ছিলেন অশ্লীল সিনেমার বিপক্ষে, এখন এসব ছবিতে আপনার উপস্থিতি মানায় না।’
নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয় করার কথা থাকলেও এটি শুরু করতে পারেননি তিনি। গত ১১ ফেব্রুয়ারিতে আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার মহরতে উপস্থিত ছিলেন শাবনূর।
ওই অনুষ্ঠানে ‘এখনো ভালোবাসি’ নামের আরও একটি সিনেমার অভিনয়ের ঘোষণা দেন তিনি। তবে শুটিংয়ে অংশ নেয়ার আগেই তিনি ফের অস্ট্রেলিয়ায় ফিরে যান এবং বলেন যে, তিনি পুরোপুরি ফিট হয়ে সিনেমার কাজ শুরু করবেন।
উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শাবনূরের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নতুন নতুন জুটি বেঁধে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর সঙ্গে গড়ে ওঠে জনপ্রিয় এক জুটি, যা এখনো দর্শকদের হৃদয়ে নাড়া দেয়।
দীর্ঘ ৩১ বছরের অভিনয়জীবনে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন শাবনূর। এর মধ্যে আছে ‘স্বপ্নের ঠিকানা’, ‘প্রেমের তাজমহল’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘ভালোবাসি তোমাকে’, ‘আনন্দ অশ্রু’, ‘বউ–শাশুড়ির যুদ্ধ’, ‘হৃদয়ের বন্ধন’ ও ‘মোল্লাবাড়ীর বউ’।
এফএটি

