সন্তানসহ এসে হঠাৎ বিয়ের খবর দিয়েছেন যে তারকারা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:০৭
শোবিজ জগতে গোপন বিয়ের ঘটনা নতুন নয়। অনেক তারকাই ক্যারিয়ারের কারণে কিংবা ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে নিজেদের বিয়ে গোপন রাখার চেষ্টা করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই গোপন বিয়েগুলো একে একে প্রকাশ্যে আসে। সম্প্রতি সংগীতশিল্পী পড়শীর বিয়ের খবর ফাঁস হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে তারকাদের গোপন বিয়ের বিষয়টি।
গোপনে বিয়ে করেছেন যেসব তারকারা-
শবনম ফারিয়া
২০১৯ সালে ছোট ও বড় পর্দার পরিচিত মুখ শবনম ফারিয়া গোপনে বিয়ে করেন। প্রথমে বিয়ের গুঞ্জন অস্বীকার করলেও পরে সেটি সত্য প্রমাণিত হয়। তবে বিয়ের পরপরই শবনম ফারিয়ার সেই সংসার ভেঙে যায়। তাঁর স্বামী হারুনুর রশীদ অপু ছিলেন ,একজন বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ব্যবস্থাপক।
সালমা
প্রখ্যাত সংগীতশিল্পী সালমা ২০১৮ সালের ৩১ ডিসেম্বর গোপনে বিয়ে করেন আইনজীবী সানাউল্লাহ নূর সাগরকে। প্রথমে বিয়ের খবর গোপন রাখা হলেও পরে তা প্রকাশ্যে আসে। এটি ছিল সালমার দ্বিতীয় বিয়ে।
সিয়াম আহমেদ
গোপনে বিয়ের তালিকায় রয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদও। দীর্ঘদিনের প্রেমিকা অবন্তীর সঙ্গে গায়েহলুদ অনুষ্ঠানের কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিয়ের খবর জানাজানি হয়। তবে বর্তমানে তারা সন্তানকে নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।
মম ও শিহাব শাহীন
অভিনেত্রী জাকিয়া বারী মম এবং পরিচালক শিহাব শাহীন গোপনে বিয়ে করেছিলেন। যদিও পরে তাঁদের সংসার আর টেকেনি, তবে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়ায়।
শাকিব খান
বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান দু’বার গোপনে বিয়ে করেন। প্রথমে অপু বিশ্বাস এবং পরে বুবলীর সঙ্গে। উভয় ক্ষেত্রেই সন্তানের মাধ্যমে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। এরপর থেকেই নানা বিতর্কের মুখে শাকিব। বর্তমানে অপু ও বুবলীর বিষয়ে কোনো মন্তব্য না করলেও ছেলে জয় এবং বীরের সঙ্গে প্রায়ই সময় কাটাতে দেখা যায় দেশের জনপ্রিয় এ অভিনেতাকে।
মৌসুমী ও ওমর সানী
জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী এবং ওমর সানীও গোপনে বিয়ে করেন। মৌসুমী অন্তঃসত্ত্বা হওয়ার পর তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।
শাবনূর ও অনীক
নায়িকা শাবনূরও গোপনে বিয়ে করেছিলেন সহ-অভিনেতা অনীককে। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে, তবে তাদের এ সংসার বেশিদিন টেকেনি। ২০২০ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন শাবনূর। বর্তমানে একাই ছেলে আইজানের দায়িত্ব নিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় এ অভিনেত্রী।
প্রিয় তারকাদের গোপন বিয়ে ভক্তদের মধ্যে যেমন কৌতূহল জাগায়, তেমনি অনেক প্রশ্নও উঁকি দেয়—কেন তারকারা নিজেদের বিয়ে আড়াল রাখতে চান? মিডিয়া ও সামাজিক প্রতিক্রিয়ার ভয়, ক্যারিয়ারের ঝুঁকি কিংবা ব্যক্তিগত কারণেই হয়তো অনেক তারকা গোপনে বিয়ে করেন।
এ তালিকা আরও দীর্ঘ। মডেল ইমন, চিত্রনায়ক সাইমন সাদিক, অভিনেতা নিলয় আলমগীর, অভিনেত্রী সারিকা সহ আরও অনেক তারকাই তাঁদের বিয়ের খবর গোপন রেখেছিলেন। তারকা দম্পতিদের এই প্রবণতা থেকে বোঝা যায়, ভবিষ্যতেও শোবিজে গোপন বিয়ের ঘটনা ঘটতেই থাকবে।
এফএটি/এনআর/

